টি-টোয়েন্টিতে যে রেকর্ডের মালিক কেবল নেপাল
খেলা ডেস্ক
০৬ জুন ২০২৬, ১১:৩৯
১২০ বলের ম্যাচ, সেখানেই আবার তিন শতাধিক রান। টি-টোয়েন্টিতে এমন ইনিংস দেখা মিলেছে কালেভদ্রে। সংখ্যার হিসাবে বললে, টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে মাত্র সাতবার এক ইনিংসে ৩০০ বা তার বেশি রানের দেখা মিলেছে। বিশ্বের একমাত্র দল হিসেবে অবিশ্বাস্য এই মাইলফলক একাধিকবার ছুঁয়েছেন নেপাল ক্রিকেট টিম।
২০২৩ সালের সেপ্টেম্বরে মঙ্গোলিয়ার বিপক্ষে প্রথমবার তিন শতাধিক রান করেছিল নেপাল। কুশল মল্লার সেঞ্চুরিতে সেই ম্যাচে ৩১৪ রান সংগ্রহ করে ২৭৩ রানের ব্যবধানে জয় পায় দলটি। গত মে মাসে চীনের বিপক্ষে ৩১৩ রান সংগ্রহ করে নেপাল। ২২১ রানে জয়ের দিনে বিশ্বের প্রথম দল হিসেবে দ্বিতীয়বার ৩০০ রান করার মাইলফলক ছুঁয়েছে তারা।
আইসিসির সহযোগী দেশ হিসেবে পরিচিত নেপাল ইতোমধ্যেই একাধিক বিশ্বকাপে অংশ নিয়েছে। বিশ ওভারের ক্রিকেটে নিজেদের সক্ষমতার জানান দিয়েছে সন্দ্বীপ লামিচানের দল। টি-টোয়েন্টি ক্রিকেটে একাধিকবার ৩০০ রান করে নিজেদের তুলেছে অন্যন্য মাত্রায়।
বিশ ওভারের ক্রিকেটে এক ইনিংসে ৩০০ রান করার রেকর্ড আছে মোট ছয় দলের। নেপাল ছাড়াও এই তালিকায় রয়েছে ইংল্যান্ড, জিম্বাবুয়ে, জার্মানি, বারোডা এবং পাঞ্জাব। আইসিসির পূর্ণ সদস্য দেশ হিসেবে প্রথমবার ৩০০ রান করে জিম্বাবুয়ে। গেল বছর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন শতাধিক রান করে সেই তালিকায় যোগ দেয় ইংল্যান্ড।
টি-টোয়েন্টিতে এক ইনিংসে সর্বোচ্চ রান করার রেকর্ড অবশ্য ভারতের ঘরোয়া ক্রিকেটের দল বারোডার। ২০২৪ সালে সৈয়দ মুশতাক আলী ট্রফিতে সিকিমের বিপক্ষে ৩৪৯ রানের অবিশ্বাস্য সংগ্রহ তুলে দলটি। এরপরেই আছে জিম্বাবুয়ে, গাম্বিয়ার বিপক্ষে ৩৪৪ রান করে সিকান্দার রাজার দল। রান সংগ্রহের পরের দুই নাম নেপাল।
টি-টোয়েন্টিতে বাংলাদেশের সর্বোচ্চ সংগ্রহ ২১৫ রান। ২০১৮ সালে নিদাহাস ট্রফিতে রান তাড়া করতে গিয়ে এই রেকর্ড মুশফিক-রিয়াদরা। তবে রান হজমে লজ্জার রেকর্ডে পা প্রায় দিয়েই ফেলেছিল। ২০২৪ সালে ভারতের বিপক্ষে ২৯৭ রান খরচ করেছিল টাইগার বোলাররা। আর বিপিএলে ২৫৪ রান করে সর্বোচ্চ সংগ্রহের রেকর্ডটা এখন ঢাকা ক্যাপিটালসের দখলে।