Advertisement
Us Bangla Airlines
ভারতের ম্যাচে আবারও বাংলাদেশি আম্পায়ার

ভারতের ম্যাচে আবারও বাংলাদেশি আম্পায়ার

খেলা ডেস্ক

০৬ জুন ২০২৬, ১৩:৩৮

আম্পায়ারিংয়ে বেশ কয়েক বছর ধরে সুনাম কুড়াচ্ছেন শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। আইসিসির বড় টুর্নামেন্টে দারুণ দক্ষতা দেখিয়ে জায়গা নিয়েছেন এলিট প্যানেলে। গেল বছর সেই দায়িত্ব পালন করে সামর্থ্যের প্রমাণ দেওয়ায় বেড়েছে চাকরির মেয়াদও। তবে ভারতের ম্যাচ আসলেই সৈকতকে নিয়ে আলোচনটা একটু বেশিই হয়।

বোর্ডার গাভাস্কার ট্রফি, ভারত-ইংল্যান্ড ওয়ানডে সিরিজ, অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফি, সবশেষ ভারত-নিউজিল্যান্ড সিরিজে দায়িত্ব পালন করেছিলেন শরফুদ্দৌলা। এবার আফগানিস্তানের বিপক্ষে চলমান ভারতের একমাত্র টেস্ট ম্যাচে দায়িত্ব পালন করছেন বাংলাদেশের এই এলিট আম্পায়ার।

ক্রিকেট বিশ্বের বড় দলগুলোর ম্যাচে দায়িত্ব পালন করেন আইসিসির এলিট প্যানেলের আম্পায়াররা। টেস্ট চ্যাম্পিয়নশিপের ম্যাচে নিরেপক্ষ আম্পায়ার হিসেবে এদের দায়িত্ব একটু বেশি। ফলে বাংলাদেশের পরিবর্তে বিশ্বের অন্যান্য দেশের টেস্ট ম্যাচের দায়িত্ব পালন করেন শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত।

২০২৪ সালের বোর্ডার গাভাস্কার ট্রফিতে শুরুতে টিভি আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করেন এই বাংলাদেশি। প্রযুক্তির তোয়াক্কা না করে সেই ম্যাচে যশস্বী জয়সোয়ালকে আউট ঘোষণা করেন শরফুদ্দৌলা। স্নিকো প্রযুক্তি কট বিহাইন্ড না ধরতে পারলেও বাংলাদেশি আম্পায়ার বলের গতিপথের ওপর নির্ভর করে আউট দিয়েছেন।

জয়সোয়ালকে সেবার আউট দেওয়ায় শিরোনামে আসেন বাংলাদেশের এই আম্পায়ার। ভারতসহ বিশ্বের অধিকাংশ বিশ্লেষকও শরফুদ্দৌলার সিদ্ধান্তকে সমর্থন দিয়েছেন। বিতর্কিত সিদ্ধান্তের মাসখানেক পরেই ভারত-ইংল্যান্ড ওয়ানডে সিরিজের দায়িত্ব পালন করেন তিনি।

গত বছরের জুলাইতে আবারও ভারত-ইংল্যান্ডের টেস্ট সিরিজের দায়িত্ব পান বাংলাদেশের শরফুদ্দৌলা। সেখানেও জয়সোয়ালের আউট নিয়ে ইংলিশ ক্রিকেটারদের বিতর্কের মুখে পড়েন। যদিও নিজের সিদ্ধান্তে সঠিকই ছিলেন বাংলাদেশি আম্পায়ার।

আইপিএল থেকে মোস্তাফিজকে বাদ দেওয়া ইস্যুতে জানুয়ারিতে ক্রিকেট পাড়ায় যখন উত্তাপ বইছিল, তখনই ফের ভারতে আম্পায়ারিং করতে যান শরফুদ্দৌলা ইবনে শহীদ। ভারত-নিউজিল্যান্ড ওয়ানডে সিরিজে তিন ম্যাচেই টিভি আম্পায়ারের দায়িত্ব পালন করেন তিনি। গুঞ্জন ছিল, নিরাপত্তার কারণে তাকে অনফিল্ড আম্পায়ারের দায়িত্ব দেওয়া হয়নি।

বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর ভারতের সঙ্গে সম্পর্কের বরফ গলা শুরু করেছে। বিসিসিআইয়ের সঙ্গে বিসিবি কোনো বিরোধ নেই বলে একাধিকবার স্পষ্ট করেছেন তামিম ইকবাল। এর মাঝেই ভারত-আফগানিস্তান টেস্ট ম্যাচের দায়িত্ব পালন করছেন শরফুদ্দৌলা। এবার অবশ্য অনফিল্ড আম্পায়ার হিসেবেই দায়িত্ব সামলাচ্ছেন তিনি।