Advertisement
Us Bangla Airlines
১৫ বছরেই জাতীয় দলে সূর্যবংশী, ভারতের অধিনায়ক বদল

১৫ বছরেই জাতীয় দলে সূর্যবংশী, ভারতের অধিনায়ক বদল

খেলা ডেস্ক

০৬ জুন ২০২৬, ১৪:৪২

ভারতের টি-টোয়েন্টি দলে বড় পরিবর্তন। নতুন অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন শ্রেয়াস আইয়ার। নেতৃত্ব হারিয়ে দল থেকেও বাদ পড়েছেন সূর্যকুমার যাদব। একই সঙ্গে প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন ১৫ বছর বয়সী ব্যাটিং বিস্ময় বৈভব সূর্যবংশী।

আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সফরের জন্য শনিবার টি-টোয়েন্টি স্কোয়াড ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। ঘোষিত দলে সবচেয়ে বেশি আলোচনায় সূর্যবংশীর অন্তর্ভুক্তি। আইপিএলে দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার হিসেবে জাতীয় দলের দরজা খুলে গেল এই তরুণের জন্য।

জাতীয় দলে ডাক পাওয়ার মাধ্যমে নতুন রেকর্ডও গড়েছেন সূর্যবংশী। ভারতের টি-টোয়েন্টি স্কোয়াডে জায়গা পাওয়া সর্বকনিষ্ঠ ক্রিকেটার তিনি। তবে জাতীয় দলের জার্সিতে মাঠে নামার আগে ভারতের ‘এ’ দলের হয়ে শ্রীলঙ্কা ও আফগানিস্তানকে নিয়ে অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজে খেলবেন এই বাঁহাতি ব্যাটার।

অন্যদিকে, টি-টোয়েন্টি ফরম্যাটে সূর্যকুমার যাদবের অধ্যায়ের আপাতত ইতি টানল ভারত। চলতি বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রত্যাশিত পারফরম্যান্স না পাওয়া এবং আইপিএলেও ধারাবাহিকভাবে ব্যর্থ হওয়ায় স্কোয়াডে জায়গা হয়নি তাঁর। নেতৃত্বও হারিয়েছেন ৩৫ বছর বয়সী এই ব্যাটার।

সূর্যকুমারের জায়গায় দায়িত্ব পেয়েছেন শ্রেয়াস আইয়ার। প্রায় আড়াই বছর পর ভারতের টি-টোয়েন্টি দলে ফিরলেন তিনি। জাতীয় দলে অনিয়মিত হলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে নেতৃত্ব ও ব্যাটিং—দুই ক্ষেত্রেই নিজেকে প্রমাণ করেছেন আইয়ার। কলকাতা নাইট রাইডার্সকে শিরোপা জেতানোর পাশাপাশি দিল্লি ক্যাপিটালস ও পাঞ্জাব কিংসকে ফাইনালে তোলার অভিজ্ঞতা রয়েছে তাঁর।

আসন্ন সফরে ২৬ ও ২৮ জুন আয়ারল্যান্ডের বিপক্ষে দুটি টি-টোয়েন্টি খেলবে ভারত। এরপর ১ থেকে ১১ জুলাই পর্যন্ত ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে মাঠে নামবে তারা।

ভারত টি-টোয়েন্টি স্কোয়াড: শ্রেয়াস আইয়ার (অধিনায়ক), অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন, ঈশান কিষান, শিবম দুবে, তিলক ভার্মা (সহ-অধিনায়ক), নীতিশ কুমার রেড্ডি, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, বরুণ চক্রবর্তী, রবি বিষ্ণু, মোহাম্মদ সিরাজ, হর্ষিত রানা, অর্শদীপ সিং, প্রিন্স যাদব।