নির্বাচনের একদিন পরেই বিসিবি পরিচালকের পদত্যাগ
খেলা ডেস্ক
০৮ জুন ২০২৬, ১৯:০২
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের নির্বাচন গতকাল অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেয়েছেন মীর শাকরুল আলম সীমান্ত। কিন্তু নির্বাচন হওয়ার মাত্র একদিনের মাথায় পরিচালক পদ থেকে সরে দাঁড়ালেন এই পরিচালক। সোমবার (৮ জুন) বিসিবি সভাপতির কাছে আনুষ্ঠানিক পদত্যাগপত্র জমা দিয়েছেন তিনি।
বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির একাধিক পরিচালক। পদত্যাগপত্রে সীমান্ত তার সিদ্ধান্তের পেছনে ব্যবসায়িক ব্যস্ততার কথা উল্লেখ করেছেন। রাজশাহী অঞ্চল থেকে একক প্রার্থী হিসেবে নির্বাচিত হওয়া সীমান্ত স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলমের পুত্র।
পদত্যাগপত্রে তিনি জানান, তার পিতা সরকারের দায়িত্বশীল পদে থাকায় পারিবারিক ব্যবসা-বাণিজ্যের গুরুত্বপূর্ণ দায়িত্ব বর্তমানে তার ওপর ন্যস্ত রয়েছে। ফলে বিসিবির মতো গুরুত্বপূর্ণ জাতীয় প্রতিষ্ঠানে পরিচালকের দায়িত্ব যথাযথভাবে পালন করা তার পক্ষে সম্ভব হবে না।
সীমান্ত আরও বলেন, দায়িত্বশীলতার জায়গা থেকে এবং প্রতিষ্ঠানের স্বার্থকে অগ্রাধিকার দিয়েই তিনি পরিচালকের পদ ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন। একই সঙ্গে তার পদত্যাগপত্র গ্রহণের জন্য বিসিবি সভাপতির কাছে অনুরোধ জানিয়েছেন।
উল্লেখ্য, গতকাল অনুষ্ঠিত বিসিবির পরিচালনা পর্ষদের নির্বাচনে রাজশাহী অঞ্চল থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক নির্বাচিত হন মীর শাকরুল আলম সীমান্ত। তবে নির্বাচন শুরুর আগেই তিনি পরিচালক হিসেবে দায়িত্ব পালন না করার ইঙ্গিত দিয়েছিলেন। শেষ পর্যন্ত বিসিবির দায়িত্ব থেকে সরে দাঁড়ালেন তিনি।