Advertisement
Us Bangla Airlines
৪৬০৩ দিনের রেকর্ড ভেঙে সোহানের ইতিহাস

৪৬০৩ দিনের রেকর্ড ভেঙে সোহানের ইতিহাস

খেলা ডেস্ক

০৮ জুন ২০২৬, ২০:১০

রেকর্ডের বরপুত্র হয়ে ওঠছেন হাবিবুর রহমান সোহান। গেল বছর স্বীকৃত টি-টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়েছেন তিনি। ছয় দিন আগে লিস্ট ‘এ’ ক্রিকেটে দেশের হয়ে দ্রুততম ফিফটির মাইলফলক ছুঁয়েছেন এই ক্রিকেটার। এবার লিস্ট ‘এ’ ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরির রেকর্ডটাও দখলে নিয়েছেন সোহান।

জাতীয় দলে অভিষেকের আগে এতটা আলোচনায় ছিলেন না দেশের কোনো ক্রিকেটার। মারকুটে ব্যাটিংয়ে সোহান শিরোনামে এসেছেন বারবার। ডিপিএলে দ্রুততম সেঞ্চুরি করার দিনে গড়েছেন একাধিক রেকর্ড। টুর্নামেন্টের ইতিহাসে সবচেয়ে কম বলে শতক হাঁকানোর রেকর্ডটা বাগিয়েছেন তিনি। পাশাপাশি সর্বোচ্চ হাঁকানোর তালিকায় নাম তুলেছেন সোহান।

ডিপিএলে দ্রুততম সেঞ্চুরির রেকর্ডটা ছিল জিম্বাবুয়ের ব্রেন্ডন টেইলরের। ২০১৩ সালের অক্টোবরে প্রাইম ব্যাংকের হয়ে কলবাগানের বিপক্ষে ৪৬ বলে সেঞ্চুরি হাঁকান তিনি। সিটি ক্লাবের বিপক্ষে আজ ৪৫ বলে সেঞ্চুরি করে টেইলরকে টপকে যান সোহান। সময়ের হিসাবে, ৪৬০৩ দিনের পুরোনো রেকর্ড ভাঙলেন এই ডানহাতি ব্যাটার।

ডিপিএলের ইতিহাসে সবচেয়ে কম বলে শতক করার দিনে ছক্কার রেকর্ডেও নাম তুলেছেন সোহান। সিটির বিপক্ষে ৫৮ বলে ১৩০ রানের ইনিংসে ১৩টি ছক্কা ও ৮টি চার হাঁকিয়েছেন তিনি। লিস্ট ‘এ’ ক্রিকেটে এক ইনিংসে দ্বিতীয় সর্বোচ্চ ছক্কার রেকর্ড এটি। ২০১৯ সালে ডিপিএলে সর্বোচ্চ ১৯ ছক্কা হাঁকিয়েছেন সৌম্য সরকার।

লিস্ট ‘এ’ ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরির রেকর্ডটা সোহানেরই ছিল। ২০২৩ সালে বিসিএলে ৪৯ বলে সেঞ্চুরি করেছেন ২৬ বছর বয়সী এই ব্যাটার। ডিপিএলের চলতি মৌসুমেই আবাহনীর হয়ে ৪৯ বলে সেঞ্চুরি করে সেই রেকর্ডে ভাগ বসান মোসাদ্দেক। এবার ৪৫ বলে সেঞ্চুরি করে লিস্ট ‘এ’ ও ডিপিএলের দ্রুততম সেঞ্চুরির মালিক বনে গেলেন সোহান।

স্বীকৃত টি-টোয়েন্টিতে দ্রুততম সেঞ্চুরির রেকর্ডটাও সোহানের দখলে। গত বছর রাইজিং স্টারস এশিয়া কাপে হংকং চায়নার বিপক্ষে ৩৫ বলে সেঞ্চুরি করেছেন এই ডানহাতি ব্যাটার। বাংলাদেশের সব ধরণের ক্রিকেটে এটাই সর্বোচ্চ সবচেয়ে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড।