Advertisement
Us Bangla Airlines
৬১৫৭ দিন পর এমন কীর্তি গড়লেন বাংলাদেশি বোলার

৬১৫৭ দিন পর এমন কীর্তি গড়লেন বাংলাদেশি বোলার

খেলা ডেস্ক

০৯ জুন ২০২৬, ১৮:০৩

লেন্থ বোলিং দিয়ে ইনিংস শুরু করেন তাসকিন আহমেদ। অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ওয়ানডেতে একই ধারাবাহিকতা অব্যাহত রেখেছেন। হার্ড লেন্থে সিমের ওপর করা বলটায় ছিল গতির পরিবর্তন। ভেতরের দিকে ঢুকা বলটাকে ব্যাকফুটে খেলতে গিয়ে পরাস্থ হয়েছেন ম্যাথু শর্ট। তাতে ইনিংসের প্রথম বলেই উইকেট পেয়েছেন এই পেসার।

তাসকিনের ওয়ানডে ক্যারিয়ারটা লম্বাই বলা চলে। ৫০ ওভারের ক্রিকেটে প্রায় এক যুগ অতিক্রম করেছেন এই ক্রিকেটার। লম্বা ক্যারিয়ারে কখনোই ইনিংসের প্রথম বলে উইকেটের দেখা পাননি তিনি। অভিষেকেই ফাইফার তোলা তাসকিন এক যুগ পরে এসে এই কীর্তি গড়লেন।

ওয়ানডেতে ইনিংসের প্রথম বলে উইকেট তোলার তালিকায় তাসকিন প্রথম নন। এর আগে এই রেকর্ড গড়েছেন আরও তিন বাংলাদেশি। তিনজনই অবশ্য ডানহাতি ফাস্ট বোলার। ১৯৯৫ সালে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম বলে উইকেট তুলে এই কীর্তিতে নাম লেখান পেসার সাইফুল ইসলাম।

২০০৬ সালে সৈয়দ রাসেল ও ২০০৯ সালে মাহবুবুল আলম এই তালিকায় যোগ দিয়েছেন। তবে এরপর আর কোনো বাংলাদেশি ইনিংসের প্রথম বলে উইকেট নিতে পারেননি। সময়ের হিসাবে, প্রায় দেড় দশক বা ৬১৫৭ দিন পর অবশেষে প্রথম বলে উইকেট শিকার করেছেন কোনো বাংলাদেশি বোলার।

ওয়ানডে প্রথম বলে প্রথমবার উইকেট শিকার করলেও টি-টোয়েন্টিতে এই রেকর্ড দুইবার গড়েছেন তাসকিন। ২০২২ সালে নেদারল্যান্ডস ও ২০২৩ সালে আয়ারল্যান্ডের বিপক্ষে ইনিংসের প্রথম বলে উইকেটের দেখা পেয়েছেন এই পেসার।