Advertisement
Us Bangla Airlines
চ্যাম্পিয়নস ট্রফিতে বাংলাদেশ অঘটন ঘটানোর সামর্থ্য রাখে: ভিলিয়ার্স

চ্যাম্পিয়নস ট্রফিতে বাংলাদেশ অঘটন ঘটানোর সামর্থ্য রাখে: ভিলিয়ার্স

খেলা ডেস্ক

১৫ ফেব্রুয়ারি ২০২৫, ২৩:৩৮

ওয়ানডেতে বাংলাদেশের সাম্প্রতিক ফর্ম খুব একটা ভালো নেই। সবশেষ ৭ সিরিজের ৬টাতেই হেরেছে টাইগাররা। তাই ফর্ম ও মানের বিবেচনায় চ্যাম্পিয়নস ট্রফিতে বাংলাদেশকে সেরা চারে দেখছেন না দক্ষিণ আফ্রিকার সাবেক ক্রিকেটার এবি ডি ভিলিয়ার্সও। তবে প্রোটিয়া এই কিংবদন্তি মনে করছেন, নিজেদের দিনে বাংলাদেশ যেকোনো অঘটন ঘটিয়ে দিতে পারে।

চ্যাম্পিয়নস ট্রফির সবশেষ আসরে তেমনই এক অঘটন দেখেছিল ক্রিকেট বিশ্ব। নিউজিল্যান্ডের সঙ্গে অবিশ্বাস্য জয় ছিনিয়ে বাংলাদেশ সেবার সেমিফাইনালে জায়গা করে নিয়েছিল। টাইগারদের কারণে সেবার গ্রুপ থেকে বাদ পড়েছিল অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডের ক্রিকেট বিশ্বের বড় দল। 

আসন্ন চ্যাম্পিয়নস ট্রফিতে ভারত, পাকিস্তান এবং নিউজিল্যান্ডের বিপক্ষে খেলবে বাংলাদেশ দল। সেরা চারে উঠতে হলে বাংলাদেশকে তিন ম্যাচের অন্তত ২টি ম্যাচ জিততে হবে। নামের বিচারে শান্তের দল পিছিয়ে থাকলেও কাজটা অসম্ভব নয়। সেটাই যেন আরেকবার স্মরণ করিয়ে দিলেন প্রোটিয়ার কিংবদন্তি ক্রিকেটার এবি ডি ভিলিয়ার্স।

নিজের ইউটিউব চ্যানেলের এক ভিডিওতে বাংলাদেশের স্কোয়াড সম্পর্কে কথা বলতে গিয়ে ডি ভিলিয়ার্স বলেন, ‘বাংলাদেশের নেতৃত্বে রয়েছে নাজমুল হোসেন শান্ত। সে ওয়ানডেতে দারুণ ধারাবাহিক। এ কারণেই বাংলাদেশিরা তাকে অধিনায়ক হিসেবে পেয়ে খুশি হবে। সামনে থেকে নেতৃত্ব দিতে পারে। মুশফিকুর রহিম দারুণ একজন অভিজ্ঞ ক্রিকেটার। বেশ ব্যালেন্সড একটি দল। দারুণ দল। তবে আমি মনে করি না এটি টুর্নামেন্ট জেতার মত কোনো দল। যদিও কিছুটা রূঢ় শোনাতে পারে কথাগুলো।’  

টুর্নামেন্টে বাংলাদেশের কাছ থেকে অঘটন দেখার প্রত্যাশা করছেন ডি ভিলিয়ার্স, ‘তাদের সামর্থ্য আছে আপসেট (অঘটন) ঘটানোর। তাসকিন আহমেদ আছে দারুণ ডানহাতি পেসার। মেহেদী হাসান মিরাজও দারুণ অলরাউন্ডার। মাহমুদউল্লাহ দারুণ একজন ক্রিকেটার, তার খেলা দেখতে আমার বেশ ভালো লাগে। আমার মনে হয় না তারা নক আউটে যেতে পারবে।’

‘বাংলাদেশি সমর্থকরা আমার এই কথার জন্য আমাকে ঘৃণা করতে পারেন। আমি দুঃখিত। আমার মনে হয় না তারা নক আউটে যেতে পারবে। তবে তাদের সামর্থ্য আছে আপসেট ঘটানোর, কোনো একটি বড় দলকে হারিয়ে দেওয়ার। এটাই সত্যি কথা। তারা ভালো দল, তবে আমার মতে, চ্যাম্পিয়ন্স ট্রফি জেতার মত দল এটি নয়। বাংলাদেশকে এই টুর্নামেন্টের জন্য শুভকামনা’-আরও যোগ করেন তিনি। 

ডি ভিলিয়ার্সের মতো একই কথা শুনিয়েছেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি ক্রিকেটার রিকি পন্টিং। এছাড়া বাংলাদেশ দলের সাবেক ক্যাপ্টেন খালেদ মাসুদ পাইলটও একই সুরে কথা বলেছেন। তাঁর চোখে চ্যাম্পিয়নস ট্রফিতে বাংলাদেশের অবস্থান ৭/৮-এ থাকবে। তবে ক্রিকেট বিশ্লেষক ও সাবেকদের মন্তব্যকে ভুল প্রমাণ করতে শান্তদের মাঠে দারুণ খেলে জবাব দিতে হবে।

এমআই