Advertisement
Us Bangla Airlines
বাংলাদেশ-ভারত ম্যাচ ঘিরে উন্মাদনা, অতিরিক্ত টিকিট বেচবে আইসিসি

বাংলাদেশ-ভারত ম্যাচ ঘিরে উন্মাদনা, অতিরিক্ত টিকিট বেচবে আইসিসি

খেলা ডেস্ক

১৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৫:১৫

ক্রিকেট বিশ্বের অন্যতম পরাশক্তির দল ভারত। আইসিসি টুর্নামেন্টে ভারত ম্যাচ মানেই আইসিসির অতিরিক্ত উপার্জন। বিশ্বের যেকোনো দেশেই ভারত খেলুক, রোহিতদের দর্শক সংখ্যা নিয়মিতই এগিয়ে থাকে। এক্ষেত্রে ব্যতিক্রম বাংলাদেশ। লাল-সবুজের দেশে ভারতের দর্শক সংখ্যা পাত্তাই পায় না। এখানে সবর্দা এগিয়ে থাকে বাংলাদেশ।

চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তানের মহারণের মাঝে বাংলাদেশ-ভারত ম্যাচ কোনো অংশ কম উন্মাদনার নয়। দর্শক, প্রতিপক্ষ এবং রোমাঞ্চের জন্ম দেওয়া এই ম্যাচে আইসিসির আয় ব্যাপক। এবার সেই লক্ষ্যে চ্যাম্পিয়নস ট্রফির বাংলাদেশ-ভারত ম্যাচের অতিরিক্ত টিকিট বিক্রির সিদ্ধান্ত নিয়েছে আইসিসি।

মুহূর্তেই শেষ হল বাংলাদেশসহ যেসব ম্যাচের টিকিট

শুধু বাংলাদেশ নয়, গ্রুপ পর্বে ভারতের বাকি দুই ম্যাচের জন্যও অতিরিক্ত টিকিট বিক্রি করবে ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা। অর্থাৎ পাকিস্তান, নিউজিল্যান্ডের ম্যাচেও থাকছে অতিরিক্ত টিকিট। আগামী ২০ ফেব্রুয়ারি বাংলাদেশ, ২৩ ফেব্রুয়ারি পাকিস্তান এবং ২ মার্চ নিউজিল্যান্ডের বিপক্ষে খেলবে রোহিত শর্মার দল।

আইসিসির এক বিবৃতিতে জানা গেছে, গতকাল স্থানীয় সময় রাত ১২টা থেকে টিকিট বিক্রি শুরু হয়েছে। ভারতের দর্শকেরা আজ দুপুর দেড়টা থেকে টিকিট কিনতে পারবেন। শুধু ভারতের তিনটি গ্রুপ পর্বের ম্যাচ নয়, দুবাইয়ে প্রথম সেমিফাইনালের টিকিটও বিক্রি শুরু হবে। একই সময়ে দর্শকেরা সেমিফাইনালের টিকিট কিনতে পারবেন। 

বাংলাদেশ ম্যাচের টিকিট নিয়ে কাড়াকাড়ি

অতিরিক্ত টিকিটের দাম কত টাকা রাখা হবে তা এখনো জানায়নি আইসিসি। তবে প্রথম পর্যায়ে সর্বনিম্ন টিকিটের দাম ছিল ১২৫ দিরহাম বা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪ হাজার টাকা।

এমআই