Advertisement
Us Bangla Airlines
সাবেক অধিনায়কদের ডেকে যেসব আলোচনা সারল বিসিবি

সাবেক অধিনায়কদের ডেকে যেসব আলোচনা সারল বিসিবি

খেলা ডেস্ক

১৭ ফেব্রুয়ারি ২০২৫, ২২:২০

চ্যাম্পিয়নস ট্রফি খেলতে দুবাইয়ে ব্যস্ত সময় কাটাচ্ছে বাংলাদেশ দল। এর আগে দেশের ক্রিকেটের মান উন্নয়নে সাবেক অধিনায়কদের নিয়ে আলোচনা সভা সেরেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজ (সোমবার) মিরপুর শের-ই বাংলায় বিসিবি সভাপতি ফারুক আহমেদের সভাপতিত্বে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

তামিম ইকবালসহ বৈঠকে শফিকুল হক হীরা, রকিবুল হাসান, গাজী আশরাফ হোসেন লিপু, আকরাম খান, মিনহাজুল আবেদীন নান্নু, খালেদ মাহমুদ সুজন, খালেদ মাসুদ পাইলট, হাবিবুল বাশার, রাজিন সালেহ, শাহরিয়ার নাফিস, মোহাম্মদ আশরাফুলদের মতো বাংলাদেশের তারকা ক্রিকেটার এবং সাবেক অধিনায়কেরা আমন্ত্রিত ছিলেন। এছাড়া লিটন দাস, মুমিনুল হককেও দেখা গেছে আলোচনা সভায়।

বৈঠক শেষে গণমাধ্যমের মুখোমুখি হয়েছেন সাবেক অধিনায়ক রাজিন সালেহ। তিনি বলেন, ‘প্রেসিডেন্ট ফারুক ভাইকে ধন্যবাদ, আমাদের আমন্ত্রণ জানানোয়। তার সঙ্গে আমাদের মূলত বিপিএল নিয়েই কথা হয়েছে। আগামীতে কীভাবে বিপিএলটা আরও ডেভেলপ করা যায় ও ক্রিকেটের উন্নতি করা যায়, এসব নিয়েই কথা হয়েছে।’

তিনি বলেন, ‘আমরা ৫-৬ জন ছিলাম। মোবাইলে আরও ২-৩ জন ছিলেন। আমাদের কথা ছিল বিপিএল কীভাবে আরও ডেভেলপ করা যায়, সূচিটা কীভাবে আপডেট করা যায়। এনসিএল টি-টোয়েন্টি কখন শুরু করলে আমরা পুরোপুরি কাজে লাগাতে পারব টুর্নামেন্টটা। বিপিএলে আগামীতে যেন আরও ভালো ফ্র্যাঞ্চাইজি আসে, ভালো টুর্নামেন্ট কীভাবে হবে, ভালো বিদেশি ক্রিকেটাররা আসবে, কখন তাদের পাব, ওই হিসেবে কথা বলা হয়েছে।’

ঘরোয়া ক্রিকেটের সব টুর্নামেন্ট নিয়েও আলোচনা হয়েছে জানিয়ে রাজিন বলেন, ‘শুধু বিপিএল নয়, এনসিএল টি-টোয়েন্টিটা কীভাবে আরও উন্নত করা যায়, প্রথম শ্রেণির ক্রিকেটটা কীভাবে আরও সুন্দর করা যায়, এসব পারিপার্শ্বিক সব বিষয় নিয়ে কথা হয়েছে। সর্বোপরি বাংলাদেশ ক্রিকেট কীভাবে এগিয়ে নেওয়া যায়। এমনকি নির্মাণ স্কুল নিয়েও কথা হয়েছে যে কীভাবে নির্মাণ স্কুল এগিয়ে নেওয়া যায়।’

টাইগারদের সাবেক ক্যাপ্টেন বলেন, ‘বাংলাদেশের সেরা ক্রিকেট প্রথম শ্রেণির ক্রিকেট। এটা কীভাবে উন্নত করা যায়। এর সঙ্গে জেলাভিত্তিক যে টুর্নামেন্টটা আছে, সেসব ক্রিকেটাররা কীভাবে প্রথম শ্রেণির ক্রিকেটে সম্পৃক্ত হতে পারে। কীভাবে আরেকটা টুর্নামেন্ট খেললে তারা প্রথম শ্রেণিতে অন্তর্ভুক্ত হতে পারে, এসব নিয়ে কথা হয়েছে।’

বৈঠকে বিতর্কিত বিপিএল নিয়েই বেশি আলোচনা হয়েছে বলে জানিয়েছেন রাজিন সালেহ। তিনি বলেন, ‘বেশিরভাগ বিপিএল নিয়েই কথা হয়েছে। আগামীতে প্রথম শ্রেণি বা অন্যান্য টুর্নামেন্ট নিয়ে আরও কথা হবে। ফারুক ভাই আমাদের সঙ্গে আবারও বসবেন।’

এমআই