বাংলাদেশকে চ্যাম্পিয়নস ট্রফির সেমিতে দেখছেন ভারতীয় স্পিনার
খেলা ডেস্ক
১৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:০৮
ওয়ানডে বাংলাদেশ দলের সবচেয়ে পছন্দের ফরম্যাট। কিন্তু প্রিয় সংস্করণে গত কয়েক বছর ধরে অপ্রিয় বাংলাদেশ দল। শেষ দুই বছরে ওয়ানডেতে বাংলাদেশের পরাজয়ের লজ্জা তুলনামূলক বেশি। ফলে র্যাঙ্কিং তালিকায় নবম স্থানে অবস্থান করছে টাইগাররা। বাজে পারফরম্যান্স এবং সাম্প্রতিক ফর্মে বাংলাদেশের পক্ষে কেউ বাজি ধরতে রাজি নন।
চ্যাম্পিয়নস ট্রফিকে ঘিরে বিভিন্ন মাধ্যমে বাংলাদেশকে নিয়ে কথা বলেছেন সাবেক ক্রিকেট তারকা এবং বিশ্লেষকেরা। আইসিসি পডকাস্টে বাংলাদেশ ইস্যুতে কথা বলেছিলেন অস্ট্রেলিয়ার তিনবারের বিশ্বকাপজয়ী তারকা রিকি পন্টিং। এ অজি কিংবদন্তির মতে, চ্যাম্পিয়নস ট্রফিতে বাংলাদেশ লড়াই করার মতো দল নয়।

একই সুরে কথা বলেছেন প্রোটিয়া কিংবদন্তি ক্রিকেটার এবি ডি ভিলিয়ার্স। তার চোখে, বাংলাদেশ অঘটন ঘটানোর সামর্থ্য রাখলেও চ্যাম্পিয়নস ট্রফির সেমিতে ওঠার যোগ্য দল নয়। এমনকি বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলটও বাংলাদেশকে চ্যাম্পিয়নস ট্রফির তলানির দল হিসেবে বিবেচনা করছেন।
বিশ্লষকদের থেকে খর্ব রেটিং পাওয়া টাইগারদের পক্ষে এবার সাফাই গাইলেন ভারতের সাবেক স্পিনার মুরালি কার্তিক। ভারতের হয়ে সর্বমোট ৪৬ ম্যাচে প্রতিনিধিত্ব করা এই ক্রিকেটার বাংলাদেশকে সেমিফাইনালে দেখছেন বলে মন্তব্য করেছেন। তার মতে, চ্যাম্পিয়নস ট্রফিতে বাংলাদেশ ‘খুবই বিপজ্জনক এক দল’।

বর্তমানে ধারাভাষ্যকার এবং ক্রিকেট বিশেষজ্ঞ হিসেবে কাজ করা মুরালি কার্তিকের চোখে চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনালের ৪ দল হলো- ভারত, বাংলাদেশ, দক্ষিণ আফ্রিকা এবং অস্ট্রেলিয়া। এমনকি চ্যাম্পিয়ন দলে বেছে নেওয়ার ক্ষেত্রে তিনি ভারতের সঙ্গে বাংলাদেশের নামও জানিয়েছেন।
এমআই