সাগরিকার ৫ গোলের দিনে ঋতুপর্ণাদের বড় জয়
খেলা ডেস্ক
০৭ জানুয়ারি ২০২৬, ২৩:০৩
নারী ফুটবল লিগে ছিল গোলের বন্যা, ছিল একের পর এক একপেশে লড়াই। সকাল থেকে সন্ধ্যা পুরো দিনজুড়েই মাঠে চলেছে উত্তেজনা আর দাপটের প্রদর্শনী। পাঁচ ম্যাচের দিনে সবচেয়ে আলো কেড়েছেন সাগরিকা, একাই জাল কাঁপিয়েছেন পাঁচবার। আর তারকাখচিত রাজশাহী স্টারস আবারও প্রমাণ করেছে কেন তারা শিরোপার দৌড়ে এগিয়ে।
দিনের শেষ ও সবচেয়ে আকর্ষণীয় ম্যাচে বিকেএসপির মুখোমুখি হয় রাজশাহী স্টারস। ম্যাচজুড়ে আধিপত্য দেখিয়ে ৪-০ গোলের পরিষ্কার জয় পায় রাজশাহী। দলের হয়ে হ্যাটট্রিক করেন আলপী আক্তার। বাকি গোলটি আসে বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক আফিদা খন্দকারের পা থেকে।
আগের ম্যাচের মতো এবারও গোলের দেখা পাননি ঋতুপর্ণা, তবে তাতেও রাজশাহীর জয়রথ থামেনি। নিয়মিত প্রশিক্ষণ থাকা সত্ত্বেও সিনিয়র ও অভিজ্ঞ ফুটবলারদের সামনে তেমন প্রতিরোধ গড়তে পারেনি বিকেএসপি। হ্যাটট্রিকের সুবাদে ম্যাচ সেরার পুরস্কার ওঠে আলপীর হাতে।
দিনের অন্য ম্যাচগুলোতেও ছিল একতরফা লড়াইয়ের চিত্র। ঢাকা রেঞ্জার্স ১-০ গোলে হারায় সিরাজ স্মৃতিকে। সদ্যপুষ্করণী ভয়ংকর রূপে ৯-০ গোলে উড়িয়ে দেয় জামালপুর কাচারীপড়াকে। আর্মি ৫-১ গোলে পরাজিত করে আনসার ভিডিপিকে।
তবে দিনের সবচেয়ে বড় ব্যবধানের জয় আসে প্রথম ম্যাচেই। পুলিশ একেবারে বিধ্বংসী ফুটবল খেলিয়ে ১৫-০ গোলে হারায় গত আসরের চ্যাম্পিয়ন নাসরিনকে। সেই ম্যাচে একাই পাঁচ গোল করে ম্যাচ সেরার পুরস্কার জেতেন সাগরিকা।
সবমিলিয়ে, নারী ফুটবল লিগের এই দিনে গোলের ঝড় আর শক্তির স্পষ্ট পার্থক্যই ছিল মূল গল্প। সাগরিকার পাঁচ গোল, আলপীর হ্যাটট্রিক আর রাজশাহীর আরেকটি বড় জয়—সবকিছু মিলিয়ে শিরোপার লড়াই আরও জমে উঠছে।
এমআই