এআই ব্যবহার করায় চাকরি হারালেন স্প্যানিশ কোচ
খেলা ডেস্ক
২৬ জানুয়ারি ২০২৬, ২২:৩৬
অতিরিক্ত কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নির্ভরতাই কাল হয়ে দাঁড়াল স্প্যানিশ কোচ রবার্তো মোরেনোর জন্য। রাশিয়ার ক্লাব এফসি সোচি থেকে তাঁর বিদায়ের চার মাসের বেশি সময় পর সামনে এলো চমকপ্রদ অভিযোগ। দল পরিচালনার প্রায় সব সিদ্ধান্তেই চ্যাটজিপিটির ওপর ভরসা করায় তাঁকে ছাঁটাই করা হয়েছে।
৪৮ বছর বয়সী মোরেনো স্প্যানিশ ফুটবলের পরিচিত মুখ। ২০১৯ সালে স্পেন জাতীয় দলের কোচ ছিলেন তিনি, এর আগে বার্সেলোনায়ও কাজ করেছেন সহকারী কোচ হিসেবে। তবে গত মৌসুমে এফসি সোচির পারফরম্যান্স তলানিতে ঠেকলে গত ১ সেপ্টেম্বর তাঁকে বরখাস্ত করে ক্লাবটি।
রুশ গণমাধ্যমকে দেওয়া এফসি সোচির সাবেক মহাপরিচালক আন্দ্রে অরলভের জানায়, মোরেনোর দৈনন্দিন ‘কাজের হাতিয়ার’ হয়ে উঠেছিল চ্যাটজিপিটি। ম্যাচের শুরুর একাদশ ঠিক করা, কখন কোন খেলোয়াড়কে বদলি করা হবে, এমনকি দল পরিচালনার ছোট-বড় সিদ্ধান্তেও তিনি এই এআই চ্যাটবট ব্যবহার করতেন।
অরলভ আরও জানান, দলের ভ্রমণসূচি তৈরিতেও কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তা নিতেন মোরেনো। সোচির জন্য সবচেয়ে দীর্ঘ ভ্রমণগুলোর একটি খাবারভস্ক সফর। সে প্রসঙ্গে অরলভ স্মৃতিচারণা করে বলেন, ‘রবার্তো বলেছিল, সবকিছু চ্যাটজিপিটি দিয়ে পরিকল্পনা করা আছে।’ কিন্তু তাতে খেলোয়াড়দের টানা ২৮ ঘণ্টা ঘুমহীন থাকতে হতো।
চলতি মৌসুমের প্রথম সাত ম্যাচে মাত্র ১ পয়েন্ট পাওয়ার পর মোরেনোকে বরখাস্ত করে সোচি। এ বিষয়ে অরলভ বলেন, ‘চ্যাটজিপিটি সহায়ক একটা টুল ব্যবহার করা যেতেই পারে। কিন্তু মোরেনো এটাকেই তার প্রধান কাজের অংশ বানিয়ে ফেলেছিলেন।’
এমআই