Advertisement
Us Bangla Airlines
নেপালকে ৪-০ গোলে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

নেপালকে ৪-০ গোলে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

খেলা ডেস্ক

০৪ ফেব্রুয়ারি ২০২৬, ১৮:১০

সাফ অনূর্ধ্ব-১৯ নারী টুর্নামেন্টে ফাইনাল কার্যত সময়ের অপেক্ষা ছিল বাংলাদেশের জন্য। তবু কাজটা সেরে রাখল মাঠেই। স্বাগতিক নেপালের বিপক্ষে দাপুটে ফুটবল উপহার দিয়ে ৪-০ গোলের জয় তুলে নিয়েছে পিটার বাটলারের শিষ্যরা। অপরাজিত থেকেই ফাইনালে উঠে এবার শিরোপার লড়াইয়ে ভারতের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ।

গ্রুপ পর্বের শেষ ম্যাচে বাংলাদেশের সামনে সমীকরণটা সহজই ছিল। ৮ গোলের কম ব্যবধানে হারলেও ফাইনাল নিশ্চিত ছিল। কিন্তু হার নয়, বরং কর্তৃত্বের সঙ্গেই ম্যাচ শেষ করল লাল-সবুজের কিশোরীরা। তিন ম্যাচে পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে থেকেই ফাইনালে উঠেছে বাংলাদেশ। অন্যদিকে ভারত ৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় হয়ে শিরোপার মঞ্চে জায়গা করে নেয়।

দিনের প্রথম ম্যাচে ভারত ৮-০ গোলে ভুটানকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করায় বাংলাদেশের ম্যাচে কিছুটা রোটেশন আনেন কোচ পিটার বাটলার। তবু শুরু থেকেই আক্রমণাত্মক ছিল বাংলাদেশ। ম্যাচের তৃতীয় মিনিটেই আসে প্রথম গোল। মামনি চাকমার কর্নার সামলাতে ব্যর্থ হন নেপালের গোলরক্ষক। তাতেই বল জালে পাঠান প্রতিমা মুন্ডা।

গোল খাওয়ার পর নেপাল ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে। কয়েকটি আক্রমণে বাংলাদেশের রক্ষণকে ব্যস্তও রাখে। তবে মাঝমাঠে নিয়ন্ত্রণ হারায়নি বাংলাদেশ। প্রথমার্ধের মাঝামাঝি সময়ে শান্তি মারডি ও আলপি আক্তারকে নামান বাটলার। বদলেই বদলে যায় ম্যাচের গতি। প্রথমার্ধের ইনজুরি সময়ে আলপির গোলে ব্যবধান ২-০ করে বিরতিতে যায় বাংলাদেশ।

দ্বিতীয়ার্ধে নেপালের আর কিছুই করার ছিল না। কাউন্টার অ্যাটাক থেকে দুর্দান্ত দক্ষতায় গোলরক্ষককে পরাস্ত করে নিজের দ্বিতীয় গোলটি করেন আলপি। এরপর আরও এক গোল যোগ হলে স্কোরলাইন দাঁড়ায় ৪-০। গ্রুপ পর্বে বাংলাদেশ তিন ম্যাচে করেছে ১৮ গোল, হজম করেনি একটিও।

আগামী ৭ ফেব্রুয়ারি ফাইনালে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। রাউন্ড-রবিন লিগে ভারতকে ২-০ গোলে হারানোর সুখস্মৃতি শিরোপা নির্ধারণী ম্যাচেও মনে করাতে চাইবেন লাল-সবুজের প্রতিনিধিরা।

এমআই