Advertisement
Us Bangla Airlines
হামজার পায়ে প্লাস্টার করা ছবিটি ‘ভুয়া’

হামজার পায়ে প্লাস্টার করা ছবিটি ‘ভুয়া’

খেলা ডেস্ক

০৬ ফেব্রুয়ারি ২০২৬, ২৩:০৩

অনলাইনে ছড়িয়ে পড়া একটি ছবি ঘিরে তৈরি হয়েছিল বড় ধরনের শঙ্কা। ছবিতে দেখা যায়, পুরো পায়ে প্লাস্টার বাঁধা অবস্থায় রয়েছেন হামজা চৌধুরী। ফলে অনেকেই ধরে নিয়েছিলেন, মার্চে বাংলাদেশের আসন্ন ম্যাচগুলোতে হয়তো আর দেখা যাবে না এই মিডফিল্ডারকে। তবে সেই দুশ্চিন্তায় আপাতত ইতি টেনেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

গত শনিবার ইংলিশ ক্লাব লেস্টার সিটির হয়ে খেলতে গিয়ে হাঁটুতে চোট পান হামজা। এরপর থেকেই তাঁর অবস্থা নিয়ে উদ্বেগে ছিলেন সমর্থকরা। তারই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ওই ছবিটি নতুন করে শঙ্কা বাড়ায়। বিষয়টি যাচাই করে শুক্রবার একটি বিবৃতি দিয়েছে বাফুফে।

বিবৃতিতে বাফুফে নিশ্চিত করেছে, হামজা বর্তমানে হাঁটুর চোট থেকে সেরে ওঠার প্রক্রিয়ায় আছেন। ফেডারেশন জানায়, তারা তাঁর দ্রুত ও নিরাপদ আরোগ্য কামনা করছে। অনলাইনে ছড়িয়ে পড়া ছবিটি সম্পর্কে বাফুফের বক্তব্য স্পষ্ট। তারা বলেছে, ‘সম্প্রতি অনলাইনে ছড়িয়ে পড়া একটি ছবি, যেখানে তাকে পুরো পায়ে প্লাস্টার করা অবস্থায় দেখা যাচ্ছে, সেটি ভুয়া।’

সংস্থাটি জানায়, এই ছবির সঙ্গে হামজার প্রকৃত শারীরিক অবস্থার কোনো সম্পর্ক নেই। একই সঙ্গে সমর্থকদের উদ্দেশে অনুরোধ জানানো হয়েছে, যাচাইবিহীন তথ্য ছড়িয়ে না দিয়ে কেবল বাফুফের অফিসিয়াল সূত্র থেকেই খবর জানার জন্য।

বিবৃতিতে হামজার পাশে থাকার আহ্বানও জানিয়েছে ফেডারেশন। সেখানে বলা হয়েছে, তথ্যভিত্তিক ইতিবাচক মনোভাব নিয়ে সবাই যেন এই ফুটবলারের পাশে দাঁড়ান এবং মাঠে তাঁর শক্তিশালী প্রত্যাবর্তনের জন্য অপেক্ষা করেন।

বাংলাদেশ জাতীয় দলের সামনে ব্যস্ত সূচি। আগামী ২৬ মার্চ ভিয়েতনামের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলবে দল। এর পাঁচ দিন পর, ৩১ মার্চ সিঙ্গাপুরের বিপক্ষে আরেকটি ম্যাচ রয়েছে। বাফুফের বক্তব্য অনুযায়ী, এই ম্যাচগুলোকে সামনে রেখেই ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন হামজা চৌধুরী।

এমআই