Advertisement
Us Bangla Airlines
হঠাৎ কেন ঢাবিতে এসেছিলেন মেসুত ওজিল?

হঠাৎ কেন ঢাবিতে এসেছিলেন মেসুত ওজিল?

খেলা ডেস্ক

১৮ ফেব্রুয়ারি ২০২৬, ২২:৫০

বিশ্বকাপজয়ী তারকা হঠাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ে—খবরটি ছড়িয়ে পড়তেই কৌতূহল তৈরি হয় ক্রীড়াঙ্গন ও ক্যাম্পাসজুড়ে। ২০১৪ বিশ্বকাপজয়ী জার্মানির সাবেক মিডফিল্ডার মেসুত ওজিল এখন বাংলাদেশ সফরে। আগামীকাল কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প পরিদর্শনসহ বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রমে অংশ নেওয়ার কথা রয়েছে তাঁর।

জার্মান তারকার সফরসঙ্গী হিসেবে আছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের ছেলে বিলাল এরদোয়ান। তবে রোহিঙ্গা ক্যাম্পে যাওয়ার আগে ওজিলের গন্তব্য ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়। সেখানে তিনি উদ্বোধন করেন শহীদ মর্তুজা মেডিকেল সেন্টারের সংস্কারকাজ।

তুরস্ক সরকারের আওতাধীন সংস্থা তুর্কি সহযোগিতা ও সমন্বয় সংস্থা (টীকা) এই প্রকল্পের মাধ্যমে মেডিকেল সেন্টারের উন্নয়ন ও যন্ত্রপাতি সরবরাহে সহায়তা করছে। সেই উদ্যোগের অংশ হিসেবেই ওজিলের উপস্থিতি। উদ্বোধনী আয়োজনে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়াজ আহমেদ খান, তুরস্কের রাষ্ট্রদূত রামিস সেন এবং টীকার প্রেসিডেন্ট আব্দুল্লাহ এরেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সদস্য উম্মে উসওয়াতুন রাফিয়া জানান, ওজিল ও বিলাল এরদোয়ান সরাসরি ডাকসুর আমন্ত্রণে আসেননি। টীকার আমন্ত্রণেই তাঁদের ঢাকা সফর। মূল উদ্দেশ্য রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন হলেও ঢাকায় এসে মেডিকেল সেন্টারের উদ্বোধনে অংশ নেন তারা। 

রাফিয়া বলেন, ‘ওজিল ও বিলাল এরদোয়ান ডাকসুর আমন্ত্রণে আসেননি। টীকা নামক একটা ফাউন্ডেশন থেকে তাদের আমন্ত্রণ দেওয়া হয়। তারা মূলত রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের জন্য বাংলাদেশের এসেছেন। আসার পর ডাকসুকে ইনভাইট করে তারা, যাতে তাদের সঙ্গে লাঞ্চ করি আমরা। তখন আমরা কয়েকজন দাওয়াতে অংশ নেই।’

রাফিয়া জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মর্তুজা মেডিকেলের সব যন্ত্রপাতি সরবারহ করে টীকা। টীকার দাওয়াতে যেহেতু তারা আসছে মোর্তজা মেডিকেল উদ্বোধন করেছে তারা। তখন ঢাকসু তাঁদের ইনভাইট করে।  

এমআই