Advertisement
Us Bangla Airlines
ইংলিশ ক্লাবে পাড়ি জমালেন বাংলাদেশি ফুটবলার

ইংলিশ ক্লাবে পাড়ি জমালেন বাংলাদেশি ফুটবলার

খেলা ডেস্ক

২৫ ফেব্রুয়ারি ২০২৬, ২২:২১

বাংলাদেশ অধ্যায়ের পর আবারও ইংল্যান্ডের চেনা আঙিনায় ফিরলেন কিউবা মিচেল। ইংল্যান্ডের সপ্তম স্তরের দল গ্লুচেস্টার সিটির সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন ২০ বছর বয়সী এই বাংলাদেশি মিডফিল্ডার। লাল-সবুজের জার্সি জড়ানোর আগেই বাংলাদেশের ক্লাব ফুটবলে অভিষেক হয়েছিল কিউবা মিচেলের। তবে সর্ম্পক দীর্ঘসূত্রতা পায়নি।

গত বছরের জুলাইয়ে তিন বছরের চুক্তিতে বসুন্ধরা কিংসে যোগ দিয়েছিলেন কিউবা। পরিকল্পনা ছিল দীর্ঘ পথচলার। কিন্তু আবহাওয়া ও পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে না পারায় মাত্র ছয় মাসের মাথায় ইতি টানতে হয় সেই অধ্যায়ে। চলতি বছরের ৩ জানুয়ারি পারস্পরিক সমঝোতায় চুক্তি বাতিল করে ইংল্যান্ডে ফিরে যান তিনি।

ইংল্যান্ডের ফুটবল পরিবেশ তার কাছে নতুন নয়। বয়সভিত্তিক পর্যায়ে বেড়ে উঠেছেন সান্ডারল্যান্ড ও বার্মিংহাম সিটির একাডেমিতে। সেই অভিজ্ঞতার ভিত নিয়েই এবার নতুন ঠিকানায় নিজেকে মেলে ধরতে চান কিউবা। ক্লাবের মাধ্যমে তিনি জানিয়েছেন, দলে যোগ দিতে পেরে ভীষণ আনন্দিত এবং মৌসুমের বাকি সময়ে নিজের সর্বোচ্চটা দিতে প্রস্তুত।

বাংলাদেশ অধ্যায়ও তার ক্যারিয়ারে গুরুত্বপূর্ণ। বিদেশের মাটিতে প্রথমবারের মতো সিনিয়র দলে নিয়মিত খেলা এবং জাতীয় দলে অভিষেক—দুই অভিজ্ঞতাই তাকে আত্মবিশ্বাস জুগিয়েছে। গত নভেম্বরে নেপালের বিপক্ষে বাংলাদেশের জার্সিতে অভিষেক হয় তার। ভারতের বিপক্ষে ঐতিহাসিক জয়ের ম্যাচেও দলে ছিলেন এই ফুটবলার।

এমআই