বাংলাদেশ ফুটবলকে ‘নতুন তকমা’ দিল ফিফা
খেলা ডেস্ক
২৭ ফেব্রুয়ারি ২০২৬, ২১:৩৬
বাংলাদেশ ফুটবলে কি তবে নতুন সূর্যোদয়? সাম্প্রতিক পারফরম্যান্স আর প্রবাসী ফুটবলারদের অন্তর্ভুক্তিতে বদলে যাওয়া লাল-সবুজের দলকে ঘিরে এমন প্রশ্নই ছুড়ে দিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা।
হামজা চৌধুরী, সামিত সোম ও কিউবা মিচেলদের অন্তর্ভুক্তির পর দলগত শক্তি যেমন বেড়েছে, তেমনি মাঠের পারফরম্যান্সেও এসেছে পরিবর্তন। দীর্ঘ ২২ বছর পর ভারতের বিপক্ষে জয় তুলে নিয়ে নতুন আত্মবিশ্বাসে উজ্জ্বল বাংলাদেশ। যদিও এএফসি এশিয়ান কাপে জায়গা হয়নি, তবু সাম্প্রতিক পারফরম্যান্সে দক্ষিণ এশিয়ায় নিজেদের অবস্থান জোরালো করেছে দলটি।
এই প্রেক্ষাপটেই ফিফা ওয়ার্ল্ড কাপের অফিসিয়াল ফেসবুক পেজে বাংলাদেশ ফুটবল দলকে নিয়ে একটি পোস্ট করা হয়। সেখানে দলের একটি ছবি দিয়ে ক্যাপশনে লেখা হয়—“দক্ষিণ এশিয়ার নতুন পরাশক্তি?” সঙ্গে ছিল বাংলাদেশের পতাকার ইমোজি।
যদিও সরাসরি কোনো তকমা দেয়নি ফিফা, তবে প্রশ্নের মাধ্যমে ইঙ্গিতটা স্পষ্ট। আর সেই পোস্ট ঘিরে ফুটবলপ্রেমীদের মধ্যে শুরু হয়েছে আলোচনা-তর্ক।
কমেন্ট বক্সে দেখা গেছে মিশ্র প্রতিক্রিয়া। কেউ বলছেন, বাংলাদেশ ইতোমধ্যেই দক্ষিণ এশিয়ার নতুন শক্তি। আবার কেউ মনে করছেন, ধারাবাহিকতা প্রমাণের আগে এমন তকমা পাওয়ার সময় এখনও আসেনি।
মোহাম্মদউল্লাহ নরেন নামের এক সমর্থক লিখেছেন, ‘এখন তো শুধু দক্ষিণ এশিয়ার পরাশক্তি। কিছুদিন পর এশিয়ার পরাশক্তি হব। আর এক সময় ফুটবল বিশ্বের পরাশক্তি হব, ইনশাআল্লাহ।’
এমআই