কোয়ার্টার ফাইনালে খেলতে বাংলাদেশের সামনে যে সমীকরণ
খেলা ডেস্ক
০৬ মার্চ ২০২৬, ১৭:৫২
নারী এশিয়ান কাপে ‘বি’ গ্রুপের লড়াই এখন অনেকটাই পরিষ্কার। দুই ম্যাচ শেষে কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করেছে চীন ও উত্তর কোরিয়া। ফলে শেষ আটে ওঠার আশা বাঁচিয়ে রাখতে হলে বাংলাদেশের সামনে এখন একটাই পথ, শেষ ম্যাচে জয়। তবে জয়ের ব্যবধান বেশি হলে লাভটা বেশিই হবে ঋতুপর্ণাদের।
সিডনির কমনওয়েলথ ব্যাংক স্টেডিয়ামে আজ দিনের প্রথম ম্যাচে বাংলাদেশের বিপক্ষে দাপট দেখিয়ে ৫–০ গোলের বড় জয় তুলে নেয় উত্তর কোরিয়া। সেই জয়ে কার্যত কোয়ার্টার ফাইনালের দরজা খুলে যায় তাদের সামনে। দিনের দ্বিতীয় ম্যাচে উজবেকিস্তানকে ৩–০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে চীন।
দুই ম্যাচ শেষে দুই জয় নিয়ে চীন ও উত্তর কোরিয়ার পয়েন্ট সমান ৬। অন্যদিকে বাংলাদেশ ও উজবেকিস্তান এখনো পয়েন্টের খাতা খুলতে পারেনি। ফলে এই দুই দলের কারও ছয় পয়েন্টে পৌঁছানোর সুযোগ নেই। তাই গ্রুপ পর্বের শেষ ম্যাচের আগেই কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হয়ে গেছে চীন ও উত্তর কোরিয়ার।
গ্রুপ সেরার লড়াই অবশ্য এখনো বাকি। শীর্ষ দুই দলের মুখোমুখি ম্যাচটি ড্র হলে গোল ব্যবধানে এগিয়ে থাকায় উত্তর কোরিয়াই গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে কোয়ার্টার ফাইনালে উঠবে। তিনটি গ্রুপ থেকে দুই চ্যাম্পিয়ন ও দুই রানার্সআপের পাশাপাশি তৃতীয় স্থানে থাকা সেরা দুই দল পাবে কোয়ার্টার ফাইনালে খেলার সুযোগ। সেই হিসাবেই এখন বাংলাদেশের সামনে শেষ সুযোগ।
আগামী ৯ মার্চ পার্থে মুখোমুখি হবে বাংলাদেশ ও উজবেকিস্তান। এই ম্যাচের ফলেই নির্ধারিত হবে গ্রুপের তৃতীয় দল। ম্যাচটি ড্র হলে গোল ব্যবধানে এগিয়ে থাকায় তৃতীয় হবে উজবেকিস্তান। কারণ দুই ম্যাচ শেষে বাংলাদেশের গোল ব্যবধান -৭, আর উজবেকিস্তানের -৬। তাই কোয়ার্টার ফাইনালের স্বপ্ন টিকিয়ে রাখতে বাংলাদেশের সামনে জয়ের বিকল্প নেই।
উজবেকিস্তানকে হারাতে পারলে তিন পয়েন্ট নিয়ে গ্রুপে তৃতীয় হবে বাংলাদেশ। তখন শেষ আটে ওঠার আশা নির্ভর করবে অন্য দুই গ্রুপের ফলাফলের ওপর। অন্য কোনো গ্রুপে তৃতীয় স্থানের দল যদি তিন পয়েন্টের কম পায়, তাহলে বাংলাদেশের সামনে খুলে যেতে পারে কোয়ার্টার ফাইনালের দরজা। সেক্ষেত্রে গোল ব্যবধান হবে মুখ্য বিষয়।
কোয়ার্টার ফাইনালে উঠতে পারলে বাংলাদেশের সামনে খুলে যাবে আরও বড় সুযোগ। শেষ আটে জায়গা নিশ্চিত করতে পারলেই মিলবে ২০২৮ সালের অলিম্পিক বাছাইপর্বে খেলার সুযোগ। শুধু তাই নয়, কোয়ার্টার ফাইনালের চার বিজয়ী দল সরাসরি জায়গা করে নেবে ২০২৭ নারী বিশ্বকাপে।
এছাড়া কোয়ার্টার ফাইনালে হেরে যাওয়া চার দল ১৯ মার্চ গোল্ড কোস্টে খেলবে প্লে–অফ ম্যাচ। সেখানকার দুই বিজয়ী দলও বিশ্বকাপে জায়গা পাবে। বাকি দুই দলকে লড়তে হবে আন্তমহাদেশীয় প্লে–অফে। সবমিলিয়ে, বাংলাদেশের সব স্বপ্নের পেছনে কেবলই উজবেকিস্তান ম্যাচ।
এমআই