Advertisement
Us Bangla Airlines
ইউটিউবে দেখা যাবে ফুটবল বিশ্বকাপের ম্যাচ

ইউটিউবে দেখা যাবে ফুটবল বিশ্বকাপের ম্যাচ

খেলা ডেস্ক

১৮ মার্চ ২০২৬, ১৪:২৭

বিশ্বকাপের উত্তেজনা এবার ছড়িয়ে পড়বে আরও বড় পরিসরে। ফিফা নতুন এক উদ্যোগে হাত মিলিয়েছে ইউটিউবের সঙ্গে। স্ক্রিনের এক ক্লিকেই দেখা যাবে বিশ্বকাপ! ফলে আসন্ন ফুটবল বিশ্বকাপের ম্যাচের অংশবিশেষ দেখা যাবে সরাসরি এই জনপ্রিয় প্ল্যাটফর্মে।

জুন-জুলাইয়ে ফিফা বিশ্বকাপ ২০২৬ বসতে যাচ্ছে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায়। টুর্নামেন্ট শুরুর আগেই দর্শকদের আগ্রহ বাড়াতে একের পর এক উদ্যোগ নিচ্ছে ফিফা। তারই অংশ হিসেবে এই নতুন সম্প্রচার পরিকল্পনা।

চুক্তি অনুযায়ী, প্রতিটি ম্যাচের শুরুর প্রথম ১০ মিনিট ইউটিউবে দেখানো হবে। ফিফা এটিকে বলছে ‘গেম-চেঞ্জিং পার্টনারশিপ’। মূলত এই অংশটি টিজারের মতো কাজ করবে, যা বিশেষ করে তরুণ দর্শকদের পুরো ম্যাচ দেখার আগ্রহ বাড়াবে।

এছাড়া নির্দিষ্ট কিছু ম্যাচ সরাসরি সম্প্রচার করার সুযোগও পাবে স্বত্বধারীরা তাদের ইউটিউব চ্যানেলে। এতে বিশ্বজুড়ে আরও বেশি দর্শকের কাছে পৌঁছাতে পারবে বিশ্বকাপ, এমনটাই আশা আয়োজকদের। তবে এই চুক্তির আর্থিক দিক নিয়ে এখনো কিছু জানায়নি ফিফা। ফলে এটি কতটা বাণিজ্যিক, আর কতটা দর্শকবান্ধব সেই আলোচনা চলছেই।

শুধু লাইভ অংশই নয়, বিশ্বকাপের আর্কাইভ থেকেও শেয়ার করা হবে নানা স্মরণীয় মুহূর্ত। অতীতের ম্যাচ, ঐতিহাসিক গোল সবই ধরা দেবে ইউটিউবের পর্দায়। এর আগে ২০২২ বিশ্বকাপেও ইউটিউব ফিফার সঙ্গে যুক্ত ছিল, যেখানে কনটেন্ট নির্মাতারা মাঠের নেপথ্যের গল্প তুলে ধরেছিলেন।

এবারের বিশ্বকাপ হবে ইতিহাসের সবচেয়ে বড় আসর। প্রথমবারের মতো ৪৮টি দল অংশ নেবে, ম্যাচ হবে মোট ১০৪টি। যা আগের যেকোনো আসরের তুলনায় অনেক বেশি। ১২টি গ্রুপে ভাগ হয়ে শুরু হবে লড়াই, এরপর ধাপে ধাপে নকআউট পর্ব পেরিয়ে ১৯ জুলাই হবে ফাইনাল।

এমআই