Advertisement
Us Bangla Airlines
ভারতের বিপক্ষে প্রতিশোধ নেওয়ার অপেক্ষায় বাংলাদেশ

ভারতের বিপক্ষে প্রতিশোধ নেওয়ার অপেক্ষায় বাংলাদেশ

খেলা ডেস্ক

০২ এপ্রিল ২০২৬, ২১:২৮

ক্রিকেট কিংবা ফুটবল—ভারতের বিপক্ষে ম্যাচ মানে ভিন্ন রকম উত্তেজনা। সেই ম্যাচটাও যদি হয় ফাইনালে, তবে তো কথাই নেই। সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের ফাইনালে এবার ভারতের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। অতীতের হতাশা পেছনে ফেলে এবার ভারতের বিপক্ষে প্রতিশোধের প্রত্যয় ঝরালেন বাংলাদেশের অধিনায়ক মিঠু চৌধুরী।

মালদ্বীপের জাতীয় স্টেডিয়ামে আগামীকাল বাংলাদেশ সময় রাত ৯টায় মুখোমুখি হবে দুই দল। শিরোপা লড়াইয়ের আগে শেষ মুহূর্তের প্রস্তুতিও সেরে ফেলেছে বাংলাদেশ দল। শুরুতেই পাকিস্তানকে হারিয়ে উড়ন্ত সূচনা, এরপর নিয়মরক্ষার ম্যাচে ভারতের কাছে হার। তবে সেমিফাইনালে নেপালের বিপক্ষে মানিকের একমাত্র গোলেই নিশ্চিত হয় ফাইনালের টিকিট।

ফাইনালের আগে আত্মবিশ্বাসী শোনালেও কথায় সাবধানী অধিনায়ক মিঠু। তাঁর কণ্ঠে প্রতিশোধের আগুন, কিন্তু লক্ষ্য কেবলই শিরোপা। মিঠু বলেন, ‘ভারতের বিপক্ষে খেলতে আমাদের ভালো লাগে। ওদের হারিয়ে শিরোপা জিতে দেশে ফিরতে চাই। সেই সুযোগটা সামনে এসেছে। এটা আমাদের জন্য বাঁচা-মরার ম্যাচ।’

গত কয়েক বছরে ভারতের বিপক্ষে ফাইনালে বারবার হার বাংলাদেশের জন্য এক ধরনের মানসিক চাপ তৈরি করেছে। তবে সেটিকেই এবার প্রেরণায় রূপ দিতে চান মিঠু ও তাঁর সতীর্থরা।
‘ভারত আমাদের চিরপ্রতিদ্বন্দ্বী। তাদের বিপক্ষে খেললে ভেতরে অন্যরকম অনুভূতি কাজ করে। আমরা সবসময় সেরাটা দিতে চাই, এবারও তার ব্যতিক্রম হবে না।’

দলের ভেতরে ঐক্য ও দেশের প্রতি দায়বদ্ধতার কথাও জোর দিয়ে বলেছেন তিনি। মিঠু আরও বলেন, ‘আমরা এখানে দেশের হয়ে খেলতে এসেছি। বুকের ওপর যখন বাংলাদেশের পতাকা থাকে, তখন দায়িত্বটা আরও বেড়ে যায়। সবাইকে বলেছি, এক হয়ে দেশের জন্য লড়তে হবে।’

এমআই