Advertisement
Us Bangla Airlines
ভারতকে টাইব্রেকারে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ

ভারতকে টাইব্রেকারে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ

খেলা ডেস্ক

০৩ এপ্রিল ২০২৬, ২৩:২৭

শেষ শটে স্নায়ুচাপ, গ্যালারিতে নিঃশ্বাস বন্ধ করা অপেক্ষা, সেই মুহূর্তেই নায়ক হয়ে ওঠা রোনান সুলিভান। তার ঠাণ্ডা মাথার শটে টাইব্রেকারে ভারতকে ৪-৩ গোলে হারিয়ে সাফ অনূর্ধ্ব-২০ টুর্নামেন্টের শিরোপা জিতেছে বাংলাদেশ। নির্ধারিত সময়ে গোলশূন্য থাকার পর ম্যাচ গড়ায় টাইব্রেকারে, যেখানে শুরু থেকেই নাটকীয়তার কমতি ছিল না।

টাইব্রেকারে প্রথম শট নেয় ভারত। তবে শুরুতেই বাজিমাত করেন বাংলাদেশের গোলরক্ষক মাহিন। প্রথম শট ঠেকিয়ে দলকে এগিয়ে দেন তিনি। এরপর মোর্শেদ, চন্দন ও ফাহিম নিজেদের শট থেকে গোল করে বাংলাদেশকে লিডে রাখেন।

চতুর্থ শটে আসে নাটকীয়তা। স্যামুয়েল শট নিতে গেলে সময়ক্ষেপণ করেন ভারতের গোলরক্ষক। চিকিৎসা শেষে পোস্টে দাঁড়ালে তার শট লাগে ক্রসবারে। চার শট শেষে তখন সমতা ৩-৩। শেষ শটে গিয়ে জমে ওঠে আসল লড়াই। ভারতের গুরুত্বপূর্ণ খেলোয়াড়ের শট উড়ে যায় বারপোস্টের ওপর দিয়ে। ফলে সমীকরণ দাঁড়ায়, শেষ শটেই জিততে পারে বাংলাদেশ।

এই মুহূর্তেই দায়িত্ব নেন রোনান সুলিভান। চাপে না পড়ে নিখুঁত শটে বল জালে জড়ান তিনি। সঙ্গে সঙ্গেই মালেতে গ্যালারিতে থাকা বাংলাদেশি সমর্থকদের উল্লাসে ফেটে পড়ে স্টেডিয়াম।

ম্যাচের মূল সময়েও ছিল লড়াইয়ের ছাপ। প্রথমার্ধে বাংলাদেশ এগিয়ে থাকলেও দ্বিতীয়ার্ধে আক্রমণে এগিয়ে যায় ভারত। তবে বাংলাদেশের রক্ষণভাগ ও গোলরক্ষক মাহিন ছিলেন দৃঢ়। অন্যদিকে, কাউন্টার অ্যাটাকে সুযোগ তৈরি করেও গোলের দেখা পায়নি বাংলাদেশ।

দ্বিতীয়ার্ধে নামা ডেকলান সুলিভান আক্রমণে গতি আনেন। শেষদিকে ভাই রোনানকে একটি দারুণ পাসও দেন, তবে সেখান থেকে গোল আসেনি। দুই দলই একে অপরকে ভালোভাবে চেনায় ম্যাচজুড়ে ছিল কৌশল আর পাল্টা কৌশলের লড়াই। ভারতের কড়া নজরদারির মধ্যেও রোনান একাধিকবার আক্রমণে ধার দেখিয়েছেন।

এমআই