Advertisement
Us Bangla Airlines
৩ দিনের মধ্যে নতুন কোচ পাচ্ছেন হামজারা

৩ দিনের মধ্যে নতুন কোচ পাচ্ছেন হামজারা

খেলা ডেস্ক

০৪ মে ২০২৬, ২২:৫৬

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের ডাগআউটে আসছে নতুন মুখ। সবকিছু ঠিক থাকলে আগামী তিন দিনের মধ্যেই নতুন হেড কোচ পাচ্ছেন হামজারা। কোচ নিয়োগ প্রক্রিয়া এখন শেষ ধাপে, জানাল বাংলাদেশ ফুটবল ফেডারেশন।

স্প্যানিশ কোচ হ্যাভিয়ের ক্যাবরেরার মেয়াদ শেষ হওয়ার পর থেকেই নতুন কোচ খুঁজছে বাফুফে। আজ জাতীয় দল কমিটির বৈঠকের পর কোচ বাছাইয়ের তালিকা আরও সংক্ষিপ্ত করে ১০ জনে নামিয়ে আনা হয়েছে।

বৈঠক শেষে বাফুফের মিডিয়া কমিটির চেয়ারম্যান আমিরুল ইসলাম বাবু বলেন, ‘বিশেষ কমিটি একটি তালিকা দিয়েছিল। সেই তালিকা আজকের সভায় আরো সংক্ষিপ্ত হয়েছে। দশ জনের তালিকা থেকে আগামী তিন দিনের মধ্যে কোচের বিষয়টি চূড়ান্ত হবে।’

সংক্ষিপ্ত তালিকায় থাকা কোচদের সঙ্গে শিগগিরই অনলাইনে সরাসরি সাক্ষাৎকার নেওয়া হবে। ব্রাজিল ও জার্মানির কোচরাও রয়েছেন আলোচনায়। বেতন, সুযোগ-সুবিধা ও দল গঠনের পরিকল্পনা নিয়েও বিস্তারিত আলোচনা করবে বাফুফে।

শুধু হেড কোচ নয়, গোলরক্ষক কোচ নিয়োগের প্রক্রিয়াও চলছে। তবে আপাতত হেড কোচ নিয়োগকেই অগ্রাধিকার দিচ্ছে বাফুফে। নতুন কোচ চাইলে নিজের পছন্দ অনুযায়ী সাপোর্টিং স্টাফ বেছে নেওয়ার সুযোগও পেতে পারেন।

এদিকে সামনে ব্যস্ত সূচি অপেক্ষা করছে জাতীয় দলের। ৫ জুন সান মারিনোতে প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। একই সময়ে মালদ্বীপে চার জাতির টুর্নামেন্ট রয়েছে। শুরুতে সেখানে অনূর্ধ্ব-২৩ দল পাঠানোর পরিকল্পনা থাকলেও এখন জাতীয় দলই পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বাফুফে।

এমআই