Advertisement
Us Bangla Airlines
মিয়ানমারের লিগে খেলতে যাচ্ছেন বাংলাদেশি ফুটবলার

মিয়ানমারের লিগে খেলতে যাচ্ছেন বাংলাদেশি ফুটবলার

খেলা ডেস্ক

০৫ মে ২০২৬, ১৯:০৩

নতুন দিগন্তের হাতছানি, তবে পথটা এখনো পুরো মসৃণ নয়। দক্ষিণ এশিয়ার গণ্ডি পেরিয়ে মিয়ানমারের নারী ফুটবল লিগে খেলার সুযোগ পেয়েছেন বাংলাদেশ জাতীয় দলের ফরোয়ার্ড ঋতুপর্ণা চাকমা। ভারত, মালদ্বীপ, ভুটান ও নেপালের পর বিদেশি লিগে বাংলাদেশি নারী ফুটবলারদের তালিকায় যুক্ত হচ্ছে নতুন গন্তব্য মিয়ানমার।

দেশটির বর্তমান চ্যাম্পিয়ন ক্লাব আয়েয়াওয়াডি ইউনাইটেডের সঙ্গে তিন মাসের চুক্তি করেছেন ঋতুপর্ণা। পরিকল্পনা অনুযায়ী, ভারতের গোয়ায় অনুষ্ঠিত সাফ চ্যাম্পিয়নশিপ শেষে দেশে ফিরে আগামী ১২ জুন মিয়ানমারের উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে তার। যদিও এখনো লিগ শুরুর আনুষ্ঠানিক সূচি ঘোষণা করা হয়নি।

নিজেই বিষয়টি নিশ্চিত করে ঋতুপর্ণা বলেন, ‘মিয়ানমার লিগে খেলতে যাবো। চুক্তিও হয়েছে।’ তবে এই যাত্রা এখনো নির্ভর করছে বাফুফের অনুমতির ওপর।

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নারী উইং কমিটির সদস্য মাহফুজা আক্তার কিরণ জানিয়েছেন, সাফ শেষে জুনেই এশিয়ান গেমসের প্রস্তুতি শুরু হবে। সে সময় জাতীয় দলের কার্যক্রম চললে ঋতুপর্ণাকে ছাড়পত্র নাও দেওয়া হতে পারে। তার ভাষায়, ‘ওরা তো বাফুফের চুক্তিবদ্ধ খেলোয়াড়। আগে জাতীয় দলের স্বার্থ দেখতে হবে।’

এদিকে যে দলে খেলতে যাচ্ছেন ঋতুপর্ণা, সেই আয়েয়াওয়াডি ইউনাইটেড ইতোমধ্যেই নিজেদের শক্ত অবস্থান তৈরি করেছে। মাত্র দুই বছর আগে নারী ফুটবল কার্যক্রম শুরু করেও প্রথম মৌসুমে তৃতীয় হয় দলটি। পরের মৌসুমে অপরাজিত থেকে শিরোপা জেতে তারা। ফলে এমন একটি প্রতিযোগিতামূলক দলে সুযোগ পাওয়া নিঃসন্দেহে বড় অর্জন।

আন্তর্জাতিক অঙ্গনে পারফরম্যান্সই খুলে দিয়েছে এই সুযোগের দরজা। গত বছর মিয়ানমারে এশিয়ান কাপ বাছাইয়ে স্বাগতিকদের বিপক্ষে জোড়া গোল করে আলোচনায় আসেন ঋতুপর্ণা। সাম্প্রতিক সময়ে অস্ট্রেলিয়ায় খেলা ম্যাচে তার দূরপাল্লার শটও কাড়ে সবার নজর। তাতেই নতুন লিগে ডাক পেয়েছেন এই ফুটবলার।

এমআই