কথা না শোনায় দুই ফুটবলারকে বাদ দিলেন বাটলার
খেলা ডেস্ক
০৬ মে ২০২৬, ১৯:১৪
বাজে পারফরম্যান্স এবং কথা না শোনায় দুই ফুটবলারকে স্কোয়াড থেকে বাদ দিয়েছেন প্রধান কোচ পিটার বাটলার। নারী দল থেকে বাদ পড়া দুই ফুটবলার হলেন—মিডফিল্ডার স্বপ্না রানী ও মুনকি আক্তার। সাফ চ্যাম্পিয়নের জন্য ঘোষিত ২৩ জনের স্কোয়াডে এই দুইজনকে রাখা হয়নি। এছাড়া ইনজুরির কারণে দলে নেই রক্ষণভাগে খেলা নবীরন।
বুধবার সংবাদ সম্মেলনে কোচ বাটলার বলেন, ‘স্বপ্না আর মুনকির পারফরম্যান্স খুবই খারাপ। ওরা প্রত্যাশিত পর্যায়ে পারফর্ম করতে পারেনি, কথাও শোনেনি। আশা করি একদিন তাদের বোধোদয় হবে। আমি ওদের উপকারই করছি। ওরা দলের সঙ্গে অনুশীলন করছে না, এমনকি অনুশীলন গ্রুপের সাথেও নেই।’
তিনি আরও বলেন, ‘ফুটবল হলো একটি নিরন্তর শেখার প্রক্রিয়া। আমি শৃঙ্খলা চাই, চাই সবকিছু সঠিকভাবে হোক। গত দুই বছরে মেয়েরা অনেক উন্নতি করেছে। আমরা একটি সুন্দর ধাঁচের ফুটবল খেলি। আমি সবসময়ই বলি যে, আমরা সিনিয়র পুরুষ জাতীয় দলের চেয়েও ভালো ফুটবল খেলি।’
২৫ মে ভারতের গোয়ায় শুরু হতে যাওয়া সাফ চ্যাম্পিয়নশিপকে সামনে রেখে বাংলাদেশ নারী দল এখন চূড়ান্ত প্রস্তুতিতে ব্যস্ত। আগামীকাল ব্যাংককের উদ্দেশে রওনা দেবে দল, সেখান থেকে যাবে গোয়ায়। টানা দুইবারের সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ এবার হ্যাটট্রিক শিরোপার লক্ষ্য নিয়ে মাঠে নামবে।

থাইল্যান্ডে দুই সপ্তাহের ক্যাম্পের পাশাপাশি দুটি ক্লাব দলের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলার পরিকল্পনাও রয়েছে। অস্ট্রেলিয়ায় খেলা সুইডেন প্রবাসী আনিকা রয়েছেন স্কোয়াডে। ২৩ সদস্যের এই দলে নেতৃত্ব দেবেন আফঈদা খন্দকার।
গেল সাফ চ্যাম্পিয়নশিপে থাকা অধিনায়ক সাবিনা খাতুন, মাসুরা পারভীন, মাসুশিমা সুমাইয়া, কৃষ্ণা রানী ও সানজিদারা এখন আলোচনার বাইরে। এবার বাদ পড়লেন স্বপ্না রানী ও মুনকি আক্তার। তাদের পরিবর্তে জায়গা পেয়েছেন স্বর্ণা রানী, হালিমা খাতুন, সুরমা জান্নাত, সুরভী আকন্দ প্রীতি, উন্নতি খাতুন, অর্পিতা বিশ্বাস, মোমিতা খাতুন ও উমেহ্লা মারমা।
সাফে বাংলাদেশ রয়েছে ‘বি’ গ্রুপে স্বাগতিক ভারত ও মালদ্বীপের সঙ্গে। ২৮ মে মালদ্বীপের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে তাদের অভিযান, আর ৩১ মে গ্রুপ পর্বে শেষ ম্যাচে প্রতিপক্ষ ভারত। ফাইনাল অনুষ্ঠিত হবে ৬ জুন।
বাংলাদেশ নারী দলের স্কোয়াড
রুপনা চাকমা, মিলি আক্তার, স্বর্ণা রানী মন্ডল, হালিমা আক্তার, শিউলি আজিম, আফঈদা খন্দকার (অধিনায়ক), সুরমা জান্নাত, কোহাতি কিসকু, সুরভী আকন্দ প্রীতি, শামসুন্নাহার সিনিয়র, উন্নতি খাতুন, অর্পিতা বিশ্বাস, মোমিতা খাতুন, মারিয়া মান্দা, মনিকা চাকমা, শাহেদা আক্তার রিপা, ঋতুপর্ণা চাকমা, উমেহ্লা মারমা, মোছাম্মৎ সাগরিকা, তহুরা খাতুন, আনিকা রানী সিদ্দিকী, সৌরভী আকন্দ প্রীতি ও শামসুন্নাহার জুনিয়র।
এমআই