বিপিএল কাঁপানো সঞ্জয় এবার গাইবেন ফুটবল বিশ্বকাপে
খেলা ডেস্ক
০৯ মে ২০২৬, ১৮:৩১
ফুটবল বিশ্বকাপের মঞ্চে এবার থাকছে বাংলাদেশের ছোঁয়া। ২০২৬ বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করতে যাচ্ছেন বাংলাদেশি বংশোদ্ভূত শিল্পী সঞ্জয়। বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল)একাদশ আসরে পারফর্ম করেছিলেন এই গায়ক। দেশ-বিদেশের মঞ্চ মাতিয়ে এবার বিশ্বকাপের মতো বড় মঞ্চে গাইবেন তিনি।
যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার যৌথ আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে ২৩তম ফুটবল বিশ্বকাপ। টুর্নামেন্ট শুরুর আগে আগামী ১২ জুন তিন আয়োজক দেশেই একযোগে অনুষ্ঠিত হবে উদ্বোধনী অনুষ্ঠান। কানাডার আয়োজনে একঝাঁক আন্তর্জাতিক তারকার পাশাপাশি থাকছেন সঞ্জয়ও।
ঢাকায় জন্ম নেওয়া এই শিল্পীর বেড়ে ওঠা যুক্তরাষ্ট্রে। সংগীতশিল্পী, মিউজিক প্রডিউসার ও ডিজে হিসেবে আন্তর্জাতিক অঙ্গনে ইতোমধ্যে পরিচিতি পেয়েছেন তিনি। জুলাই আন্দোলেনর বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সিলেট বিভাগে পারফর্ম করে দর্শকদের নজর কেড়েছিলেন সঞ্জয়।
কানাডার উদ্বোধনী অনুষ্ঠানে তার সঙ্গে আরও পারফর্ম করবেন অ্যালানিস মরিসেট, অ্যালেসিয়া কারা, জেসি রেয়েজ, মাইকেল বুবলে, নোরা ফাতেহিসহ আরও অনেকে।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, সংগীত ও সংস্কৃতির মাধ্যমে কানাডার বহুসাংস্কৃতিক পরিচয় এবং ফুটবলের ঐক্যের বার্তা তুলে ধরা হবে এই অনুষ্ঠানে। বিশ্বকাপ ট্রফিকেও নতুনভাবে উপস্থাপন করা হবে, যেখানে ফুটে উঠবে দেশটির বৈচিত্র্যময় সংস্কৃতি ও সম্প্রদায়ের গল্প।
উদ্বোধনী অনুষ্ঠান নিয়ে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বলেছেন, টরন্টোর এই আয়োজন হবে কানাডার পরিচয় ও বিশ্বকাপ ঘিরে থাকা উন্মাদনার প্রতিফলন। সংগীত, সংস্কৃতি ও বিশেষ পরিবেশনার মাধ্যমে বিশ্বকে স্বাগত জানাবে আয়োজকেরা।
দর্শকদের জন্যও থাকছে বিশেষ আয়োজন। ম্যাচ শুরুর চার ঘণ্টা আগে স্টেডিয়ামের গেট খুলে দেওয়া হবে। থাকবে প্রাক-ম্যাচ বিনোদন, বিভিন্ন অ্যাক্টিভেশন ও পুরস্কারের ব্যবস্থা।
আগামী ১১ জুন মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকার ম্যাচ দিয়ে শুরু হবে বিশ্বকাপ। এরপর ১২ জুন টরন্টোর বিএমও ফিল্ডে নিজেদের প্রথম ম্যাচ খেলবে কানাডা। প্রতিপক্ষ বসনিয়া ও হার্জেগোভিনা।
এমআই