বিশ্বকাপ খেলতে যেতে ইরানকে ভিসা দিচ্ছে না যুক্তরাষ্ট্র
খেলা ডেস্ক
১৪ মে ২০২৬, ২১:১২
২০২৬ ফুটবল বিশ্বকাপ সামনে রেখে অনিশ্চয়তার মুখে পড়েছে ইরান জাতীয় ফুটবল দল। এখনো পর্যন্ত যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে দলকে ভিসা দেওয়া হয়নি বলে জানিয়েছে ইরানের ফুটবল ফেডারেশন। ইরানের ফুটবল ফেডারেশনের প্রধান মেহেদি তাজ রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনাকে বিষয়টি জানিয়েছেন।
ভিসা ইস্যুতে ফিফার সঙ্গে আলোচনায় বসতে যাচ্ছে ইরান। মেহেদি তাজ বলেন, ‘আগামীকাল বা পরশুর মধ্যে আমাদের ফিফার সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক হবে। ভিসা সমস্যার বিষয়ে নিশ্চয়তা প্রয়োজন।’
তিনি আরও জানান, এখনো স্পষ্ট নয় যে পুরো দল ভিসা পাবে, নাকি কিছু খেলোয়াড় বাদ পড়বে। এ বিষয়ে কোনো ধরনের তালিকা বা নিশ্চিত তথ্যও তারা পাননি বলে উল্লেখ করেন তিনি।
ইরানের পরিকল্পনা অনুযায়ী, ভিসা প্রক্রিয়ার অংশ হিসেবে খেলোয়াড়দের আঙুলের ছাপ নেওয়ার জন্য তুরস্কের রাজধানী আঙ্কারায় যাওয়ার কথা রয়েছে। তবে ভ্রমণের ঝামেলা ও ক্লান্তি এড়াতে ফেডারেশন চাইছে, যেখানে দল বর্তমানে বিশ্বকাপ প্রস্তুতি নিচ্ছে সেই স্থান, আন্টালিয়ায়ই এই প্রক্রিয়া সম্পন্ন করা হোক।
ভিসা জটিলতা ও প্রশাসনিক অনিশ্চয়তার মধ্যেই ইরানের বিশ্বকাপ প্রস্তুতি এখন নতুন চ্যালেঞ্জের মুখে।
এমআই