Advertisement
Us Bangla Airlines
বিশ্বকাপে নামার আগে চোটের কবলে নেইমার

বিশ্বকাপে নামার আগে চোটের কবলে নেইমার

খেলা ডেস্ক

২১ মে ২০২৬, ২২:৪০

২০২৬ বিশ্বকাপ সামনে রেখে ব্রাজিল দলে ফিরেছিলেন অনেক লড়াই পেরিয়ে। তবে চূড়ান্ত দলে জায়গা পাওয়ার কয়েক দিনের মধ্যেই আবারও চোটে পড়েছেন নেইমার জুনিয়র। সান্তোসের হয়ে খেলতে নেমে ডান পায়ের কাফ মাসলে চোট পেয়েছেন এই ব্রাজিলিয়ান তারকা। ফলে বিশ্বকাপের আগে তাঁকে ঘিরে নতুন করে শঙ্কা তৈরি হয়েছে।

গত রোববার কুরিতিবার বিপক্ষে ম্যাচে চোটে পড়েন নেইমার। দ্বিতীয়ার্ধে কাফে অস্বস্তি অনুভব করায় মাঠ থেকে তুলে নেওয়া হয় তাঁকে। তবে প্রথমে বিষয়টি বুঝতে না পেরে আবার মাঠে ঢুকে পড়েন তিনি। পরে বদলি বোর্ড নিয়ে বিভ্রান্তি তৈরি হলে রেফারির সঙ্গেও তর্কে জড়াতে দেখা যায় ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে।

বুধবার সন্ধ্যায় নেইমারের চোটের বিষয়টি নিশ্চিত করেছেন সান্তোসের মেডিকেল বিভাগের প্রধান রদ্রিগো জোগাইব। চোটের কারণে ইতোমধ্যে কোপা সুদামেরিকানার একটি ম্যাচ মিস করেছেন নেইমার। সামনে গ্রেমিওর বিপক্ষেও তাঁর খেলার সম্ভাবনা কম।

আগামী ২৭ মে ব্রাজিলের বিশ্বকাপ ক্যাম্প শুরু হওয়ার কথা। তার আগেই নিজেকে ফিট করে তুলতে লড়াই চালিয়ে যাচ্ছেন নেইমার। সান্তোস এবং ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ) দুপক্ষই তাঁর শারীরিক অবস্থার ওপর নিবিড় নজর রাখছে।

২০২৩ সালে উরুগুয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বে ভয়াবহ হাঁটুর চোটে পড়ার পর দীর্ঘদিন জাতীয় দলের বাইরে ছিলেন নেইমার। চোট, ফিটনেস সংকট এবং নানা বিতর্ক পেছনে ফেলে অবশেষে বিশ্বকাপ দলে ফিরেছিলেন তিনি। তাই নতুন এই চোট ব্রাজিল শিবিরে বাড়তি উদ্বেগ তৈরি করেছে।

তবে সান্তোসের মেডিকেল বিভাগ এখনই বড় কোনো শঙ্কা দেখছে না। রদ্রিগো জোগাইব জানিয়েছেন, নেইমারের কাফ মাসলে সামান্য ফোলাভাব রয়েছে এবং পরিকল্পনা অনুযায়ী সব এগোলে আগামী সপ্তাহেই তিনি জাতীয় দলের ক্যাম্পে যোগ দিতে পারবেন।

এমআই