Advertisement
Us Bangla Airlines
টিকিট বিক্রিতে ফিফার বড় ভুল

টিকিট বিক্রিতে ফিফার বড় ভুল

খেলা ডেস্ক

০৫ জুন ২০২৬, ১৯:৩৯

ফুটবল বিশ্বকাপের উচ্চ দামের টিকিট নিয়ে আলোচনা কম হয়নি। নানান আলোচনার বাইরে টিকিটের চাহিদা বেশ তুঙ্গে। এর মধ্যেই ফিফা থেকে বিনামূল্যে টিকিট পেয়ে যান ৬০ জন ফুটবলপ্রেমী। এত দামি টিকিট বিনামূল্যে পাওয়ায় খুশিতে ফেটে পড়েছেন এসব দর্শকরা। কিন্তু ফিফার নতুন সিদ্ধান্তে সেই খুশির পারদে ছেদ পড়ে।

বিনামূল্যে টিকিট বিক্রি ইস্যুতে ফিফা জানায়, বিশ্বকাপের জন্য কোনো বিনামূল্যের টিকিট বরাদ্দ ছিল না। ওয়েবসাইটের কারিগরি ত্রুটির কারণেই এই ভুল হয়েছে। এরপর সংশ্লিষ্টদের জানানো হয়, সাত দিনের মধ্যে টিকিটের মূল্য পরিশোধ করতে হবে। অন্যথায় তাদের টিকিট বাতিল করে দেওয়া হবে।

ফিফার পক্ষ থেকে ৩ জুন ওই ৬০ জনকে ই-মেইলের মাধ্যমে বিষয়টি জানানো হয়েছে। একই সঙ্গে নির্ধারিত সময় পর্যন্ত টিকিটগুলো তাদের জন্য সংরক্ষিত থাকবে বলেও উল্লেখ করা হয়েছে। ফলে বিনামূল্যে টিকিট পেয়ে বসা ৬০ দর্শক বেশ বিপাকেই পড়েছেন।

এদিকে বিনামূল্যে টিকিট বিক্রি হওয়ার বিষয়টি শুরুতে টের পায়নি ফিফা। জানা গেছে, যারা নিয়মমাফিক টাকা দিয়ে টিকিট কিনেছেন, তাদের কয়েকজন অভিযোগ জানানোর পর বিষয়টি ফিফার নজরে আসে। এরপরই তদন্ত করে ত্রুটির বিষয়টি নিশ্চিত হওয়ার পর নতুন নির্দেশনা দেয় সংস্থাটি।

ঘটনাটি সামনে আসার পর ফিফার অবস্থান নিয়েও প্রশ্ন উঠেছে। বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় আসরের টিকিট বিক্রির মতো গুরুত্বপূর্ণ প্রক্রিয়ায় কীভাবে এমন ভুল হতে পারে, তা নিয়ে সমালোচনায় মেতেছেন নেটিজেনরা।

এর আগে বিশ্বকাপের টিকিটের দাম নিয়ে আইনি জটিলতায় পড়েছে ফিফা। বিষয়টি নিয়ে তদন্তের নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্রের একটি আদালত। এছাড়া খ্যাতিমান কোচ পেপ গার্দিওলাসহ ফুটবল বিশ্বের বেশ কয়েকজন পরিচিত মুখ টিকিটের মূল্য নিয়ে প্রকাশ্যে সমালোচনা করেছেন।