Advertisement
Us Bangla Airlines
‘তামিম ভাইয়ের সঙ্গে আমার সম্পর্ক খুব ভালো’

‘তামিম ভাইয়ের সঙ্গে আমার সম্পর্ক খুব ভালো’

খেলা ডেস্ক

২৫ মে ২০২৬, ১৪:০৮

বাংলাদেশ ক্রিকেটে মাঠের ভেতর ও বাইরে সম্পর্ক নিয়ে গুঞ্জনের শেষ নেই। সেই আলোচনার মাঝেই নিজের অভিজ্ঞতা ও সম্পর্কের কথা খোলামেলা জানালেন জাতীয় দলের বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম। সাবেক অধিনায়ক তামিম ইকবালকে নিয়ে তার মন্তব্যে উঠে এসেছে সম্মান, আস্থা আর দীর্ঘদিনের বোঝাপড়ার ছবি।

সম্প্রতি এক সাক্ষাৎকারে তাইজুল কথা বলেন তামিমের নেতৃত্ব, মাঠের ভূমিকা এবং ক্রিকেটার হিসেবে তার প্রভাব নিয়ে। তার মতে, তামিম ছিলেন এমন একজন অধিনায়ক, যিনি মাঠে সতীর্থদের অনুপ্রাণিত করতে জানতেন এবং ব্যাটারদের সঙ্গে নিজের অভিজ্ঞতা ভাগ করে নিতেন।

তাইজুল বলেন, ‘অবশ্যই একজন ভালো অধিনায়ক ছিলেন তিনি। প্রিমিয়ার লিগ, বিপিএল এবং জাতীয় দলে তার সঙ্গে খেলার সুযোগ হয়েছে আমার। তামিম ভাই মাঠের ভেতরে সবাইকে উজ্জীবিত করতে পারতেন। বিশেষ করে, একজন ব্যাটার কীভাবে নিজেকে প্রটেক্ট করে, সেগুলো শেয়ার করতেন।’

ক্রিকেটারদের ব্যক্তিগত সম্পর্ক নিয়ে বাইরে নানা রকম আলোচনা হলেও, তামিমের সঙ্গে নিজের সম্পর্ক যে আলাদা এবং গভীর সেটাও স্পষ্ট করেন এই স্পিনার। মাঠের বাইরের বন্ধন আর মাঠের দায়িত্বকে আলাদা করেই দেখেন তিনি।

বাঁহাতি এই স্পিনার বলেন, ‘তামিম ভাইয়ের সঙ্গে আমার ব্যক্তিগত সম্পর্ক খুব ভালো। এই সম্পর্ক খেলার বাইরে। যদিও মানুষ ব্যক্তিগত সম্পর্কের সঙ্গে খেলাকে মিলিয়ে ফেলে। তিনি আমাকে বাইরে যেভাবে ভালোবাসতেন, খেলার মাঠে সহযোগিতা করতেন বিভিন্নভাবে।’

এমআই