Advertisement
Us Bangla Airlines
বিশ্বকাপে টিকে থাকতে বাংলাদেশের সামনে কঠিন সমীকরণ

বিশ্বকাপে টিকে থাকতে বাংলাদেশের সামনে কঠিন সমীকরণ

খেলা ডেস্ক

২০ জানুয়ারি ২০২৬, ২২:৫২

বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়ে গেছে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে বাংলাদেশের যুবাদের দ্বিতীয় ম্যাচ। বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাবে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচটি শেষ পর্যন্ত মাঠেই গড়ায়নি, ফলে দুই দলই পেয়েছে এক পয়েন্ট করে। ভারতের কাছে হেরে বিশ্বকাপ শুরু করা বাংলাদেশের জন্য পরিস্থিতি এখন বেশ জটিল।

গ্রুপ পর্বের শেষ ম্যাচটি কার্যত হয়ে গেছে ‘নকআউট’। সুপার সিক্সে জায়গা করে নিতে ২৩ জানুয়ারি হারারেতে যুক্তরাষ্ট্রের বিপক্ষে জয় পাওয়াই সবচেয়ে নিরাপদ পথ। হার মানেই বিদায়। দুই ম্যাচ শেষে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র—দুই দলেরই পয়েন্ট ১ করে। তবে নেট রান রেটে এগিয়ে থাকায় আপাতত এগিয়ে আছে বাংলাদেশ।

বাংলাদেশের নেট রান রেট -০.৬২১, যেখানে যুক্তরাষ্ট্রের -৩.১৪৪। অন্যদিকে নিউজিল্যান্ডের দুই ম্যাচই পরিত্যক্ত হওয়ায় তাদের পয়েন্ট ২। গ্রুপের শীর্ষে থাকা ভারত প্রথম দুই ম্যাচেই জয় তুলে নিয়ে ইতোমধ্যেই সুপার সিক্স নিশ্চিত করেছে। প্রতিটি গ্রুপ থেকে তিনটি করে দল উঠবে পরের পর্বে।

তবে সুপার সিক্সে উঠলেও বাংলাদেশের সামনে অপেক্ষা করছে আরও কঠিন চ্যালেঞ্জ। প্রথম পর্বে যেসব দলের বিপক্ষে পয়েন্ট পাওয়া হয়েছে, সেগুলো সুপার সিক্সেও বহাল থাকবে। ভারত ও নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচে বাংলাদেশের সংগ্রহ মাত্র ১ পয়েন্ট। ফলে সুপার সিক্স শুরুতেই পিছিয়ে পড়ার শঙ্কা রয়েছে।

ভারত যদি গ্রুপ পর্বের শেষ ম্যাচে নিউজিল্যান্ডকে হারায়, তাহলে তারা সুপার সিক্স শুরু করবে ৪ পয়েন্ট নিয়ে। একইভাবে বাংলাদেশের সম্ভাব্য প্রতিপক্ষ ইংল্যান্ডও সুপার সিক্সে নামতে পারে ৪ পয়েন্ট নিয়ে। এমন অবস্থায় সেমিফাইনালে ওঠার লড়াই বাংলাদেশের জন্য যে সহজ হবে না, তা বলাই বাহুল্য।

এদিকে ভারতের বিপক্ষে হারার পর আজকে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলতে নেমেছিল বাংলাদেশ। বৃষ্টির কারণে শুরুর আগেই ম্যাচ কমে আসে ৪৭ ওভারে। ১০ ওভার খেলা হলে পুনরায় নামে বৃষ্টি। দীর্ঘ অপেক্ষার পর ম্যাচ আর শুরু করা সম্ভব হয়নি। দুই ম্যাচে মাত্র এক পয়েন্ট, এতেই বাংলাদেশের সমীকরণ কঠিন হয়ে পড়েছে।

এমআই