৪২ বলে ৬৬ করে দলকে জেতালেন রনি
খেলা ডেস্ক
২৬ ফেব্রুয়ারি ২০২৬, ২০:০০
বিতর্ক, উত্তেজনা আর রানের পাল্টাপাল্টি চাপ, সব মিলিয়ে বগুড়ার ম্যাচটা ছিল নাটকে ভরপুর। আর সেই নাটকের আলোচিত নায়ক আবু হায়দার রনি। দলের ব্যাটিং ধসের মাঝে ছয় নম্বরে নেমে ৪২ বলে ৬৬ রানের বিস্ফোরক ইনিংস খেলেন তিনি। তাতে আম্পায়ারিং নিয়ে তর্ক-বিতর্কের ম্যাচে জয়ের দেখা পায় সেন্ট্রাল জোন।
বৃহস্পতিবার শহীদ চান্দু স্টেডিয়ামে ইস্ট জোনকে ৫ উইকেটে হারায় মাহিদুল ইসলাম অঙ্কনের নেতৃত্বাধীন দল। ২৩৮ রানের লক্ষ্য ২৭ বল হাতে রেখেই ছুঁয়ে ফেলে তারা।
ম্যাচের দুই ইনিংসেই আম্পায়ারিং নিয়ে ক্ষোভ প্রকাশ করেন ইস্ট জোন অধিনায়ক ইয়াসির আলি চৌধুরি রাব্বি। প্রথমে নিজের আউটের সিদ্ধান্ত, পরে আরিফুল ইসলামের কট বিহাইন্ড, দুই ক্ষেত্রেই মাঠের সিদ্ধান্তে অসন্তোষ জানান তিনি। টিভি আম্পায়ার না থাকায় বিতর্ক আরও ঘনীভূত হয়।
টস হেরে ব্যাট করতে নেমে ঝড়ের ইঙ্গিত দেন পারভেজ হোসেন ইমন (২২ বলে ২৭)। জাকির হাসান করেন ৫১ বলে ৪৫। অমিত হাসান (৪২ বলে ২৬) ইনিংস বড় করতে পারেননি। চতুর্থ উইকেটে মুমিনুল হক ও ইয়াসির রাব্বির ৬১ রানের জুটি ইস্ট জোনকে ভরসা দেয়।
৩৭ রান করা ইয়াসির সাইফ হাসানের বলে ছক্কা হাঁকাতে গিয়ে সীমানায় রকিবুল হাসানের হাতে ধরা পড়েন। রিপ্লেতে দেখা যায়, ক্যাচ নেওয়ার সময় সীমানা দড়িতে স্পর্শ ছিল—তবু আউটের সিদ্ধান্তই বহাল থাকে। এই নিয়েই তর্ক-বিতর্কের ঝড় ওঠে মাঠে।
পরে মুমিনুল (৩৪) আউট হলে চাপে পড়ে ইস্ট জোন। নাঈম হাসান ২৬, সৈয়দ খালেদ আহমেদ ১৩ ও মুশফিক হাসান ১১ রান যোগ করলে দল পৌঁছায় ২৩৭ রানে। রকিবুল ১০ ওভারে ২৭ রান দিয়ে নেন ৩ উইকেট।
২৩৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই সাইফের উইকেট হারায় সেন্ট্রাল জোন। মাহফিজুল ইসলাম রবিন (২৯), অঙ্কন (১২) ও আরিফুল (২১) ভালো শুরু করেও ইনিংস বড় করতে পারেননি। একপ্রান্তে অবিচল থাকেন মোহাম্মদ নাঈম শেখ।
৩৩তম ওভারে আরিফুলের বিপক্ষে কট বিহাইন্ডের জোরালো আবেদন নাকচ হলে আবারও ক্ষোভে ফেটে পড়ে ইস্ট জোন শিবির। তবে বিতর্কের মাঝেই ম্যাচ গড়ায় রুদ্ধশ্বাস পরিণতির দিকে। শেষ ৯৭ বলে ১০৭ রান দরকার, সেখান থেকেই শুরু রনির ঝড়। নাঈমের সঙ্গে মাত্র ৫২ বলে ৭৪ রানের জুটি গড়ে ম্যাচের রং বদলে দেন তিনি।
নাঈম ৯৮ বলে ৮৩ (৫ চার, ২ ছক্কা) রান করে বিদায় নিলেও জয়ের ভিত গড়ে দিয়ে যান। তবে ২৮ বলে ফিফটি তুলে অবিশ্বাস্য । ৬ চার ও ৪ ছক্কায় ৪২ বলে ৬৬ রানে অপরাজিত থেকে দলকে পৌঁছে দেন জয়ের ঠিকানায়। মোসাদ্দেক হোসেন সৈকত ১১ বলে ২০ রানের ঝোড়ো ক্যামিওতে সঙ্গ দেন।
দুই ম্যাচে এটি সেন্ট্রাল জোনের প্রথম জয়। শেষ ম্যাচে নর্থ জোনকে হারাতে পারলে ফাইনালের টিকিট মিলতে পারে তাদের। অন্যদিকে টানা দুই পরাজয়ে ইস্ট জোনের শিরোপা স্বপ্ন কার্যত শেষ।
এমআই