ওয়েস্ট ইন্ডিজ ম্যাচে বৃষ্টি হলে ভারতের কী হবে?
খেলা ডেস্ক
২৭ ফেব্রুয়ারি ২০২৬, ২১:০৮
টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট পর্বে বড় ধাক্কা খেয়ে এখন কঠিন সমীকরণের সামনে দাঁড়িয়ে আছে ভারত। প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে বড় ব্যবধানে হারের পর সেমিফাইনালের পথ জটিল হয়ে যায়। যদিও পরের ম্যাচে জিম্বাবুয়েকে দাপটের সঙ্গে হারিয়ে আবারও দৌড়ে ফেরে সূর্যকুমার যাদবের দল।
এখন রোববার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে গ্রুপপর্বের শেষ ম্যাচটি কার্যত অঘোষিত কোয়ার্টার ফাইনাল। দুই দলের জন্যই ম্যাচটি ‘বাঁচা-মরার’ লড়াই। সুপার এইটে দুই ম্যাচ শেষে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ উভয়ের সংগ্রহ ২ পয়েন্ট। শেষ ম্যাচে যে দল জিতবে, তারা দক্ষিণ আফ্রিকার সঙ্গে গ্রুপ থেকে সেমিফাইনালে জায়গা করে নেবে।
সমীকরণ তাই সহজ, জিতলেই শেষ চার। তবে সমস্যা অন্য জায়গায়। ম্যাচটি যদি বৃষ্টিতে পরিত্যক্ত হয় বা কোনো কারণে ফল না আসে, তাহলে বিপদে পড়বে ভারত। কারণ নেট রান রেটে এগিয়ে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ভারতের নেট রান রেট বর্তমানে -০.১০০, যেখানে ওয়েস্ট ইন্ডিজের +১.৭৯১।
ফলে ম্যাচে পয়েন্ট ভাগাভাগি হলে রান রেটের সুবিধায় সেমিফাইনালে উঠে যাবে ক্যারিবিয়ানরা, আর থেমে যাবে ভারতের বিশ্বকাপ অভিযান।
ভারতীয় সমর্থকদের জন্য অবশ্য আশার খবর আছে আবহাওয়ার পূর্বাভাসে। রোববার কলকাতায় আকাশ পরিষ্কার ও রৌদ্রোজ্জ্বল থাকার সম্ভাবনা রয়েছে। দিনের তাপমাত্রা সর্বোচ্চ ৩৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে, ম্যাচের সময় তা থাকবে প্রায় ২৫ থেকে ২৬ ডিগ্রির মধ্যে। সন্ধ্যার দিকে বৃষ্টির কোনো পূর্বাভাস নেই বলেই জানা গেছে।
তাছাড়া ম্যাচ ভেন্যু ইডেন গার্ডেন্সের আধুনিক ড্রেনেজ ব্যবস্থার কারণে হালকা বৃষ্টি হলেও দ্রুত খেলা শুরু করা সম্ভব। ফলে পুরো ম্যাচ ভেসে যাওয়ার আশঙ্কা কম।
এমআই