Advertisement
Us Bangla Airlines
রমজানে কেন রোজা রেখেছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো?

রমজানে কেন রোজা রেখেছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো?

খেলা ডেস্ক

২১ ফেব্রুয়ারি ২০২৬, ১৬:৪৫

ইউরোপের অধ্যায় গুটিয়ে ২০২৩ সালের শুরুতে সৌদি আরবের ক্লাব আল নাসরে যোগ দিয়েছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। মধ্যপ্রাচ্যের মুসলিম অধ্যুষিত দেশে পা রাখার পর থেকেই তার মধ্যে দেখা গেছে ভিন্ন এক রূপ—কখনও ঐতিহ্যবাহী সৌদি জোব্বায়, কখনও স্থানীয় সংস্কৃতির প্রতি প্রকাশ্যে সম্মান জানাতে।

এবার সামনে এলো আরও চমকপ্রদ তথ্য। রোনালদোর সাবেক আল নাসর সতীর্থ শায়ে শারাহিলি জানিয়েছেন, গত রমজানে টানা দুদিন রোজা রেখেছিলেন পর্তুগিজ মহাতারকা। খ্রিস্টান হয়েও কেন রোজা রেখেছিলেন রোনালদো, জানা গেল আসল কারণ। উদ্দেশ্য—স্থানীয় সংস্কৃতি ও রোজার অনুভূতি কাছ থেকে বোঝা।

থামনিয়াহ স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে শারাহিলি বলেন, রমজানে খেলা মোটেও সহজ নয়। আরব খেলোয়াড়রা এ পরিবেশে অভ্যস্ত হলেও বিদেশিদের জন্য বিষয়টি বেশ চ্যালেঞ্জিং। খাবারের সময়সূচি, ঘুমের ছন্দ এবং অনুশীলনের চাপ। সব মিলিয়ে রুটিন বদলে যায় পুরোপুরি।

এই বাস্তবতাই অনুভব করতে চেয়েছিলেন রোনালদো। মুসলমান না হয়েও কৌতূহল ও সম্মানবোধ থেকে দুদিন রোজা রাখেন তিনি। তবে দ্রুতই বুঝতে পারেন, রোজা রেখে পেশাদার ফুটবলারের ব্যস্ত জীবন সামলানো সহজ নয়।

সৌদি ফুটবল অঙ্গনে অনেকেই এটিকে দেখছেন স্থানীয় সংস্কৃতিকে সম্মান জানানোর একটি আন্তরিক প্রয়াস হিসেবে। মাঠে গোলের ঝড় তোলা রোনালদো এবার শিরোনামে মানবিকতার স্পর্শে—রোজার অনুভূতি বুঝতে দুদিনের আত্মসংযমে।

এমআই