জাতীয় দলের বিপক্ষে অল স্টারের দল ঘোষণা
খেলা ডেস্ক
০৬ মার্চ ২০২৬, ১৯:৩২
বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) ওয়ানডে আসর শেষ হয়েছে মাত্রই। তবে টুর্নামেন্ট শেষ হলেও ব্যস্ততা কমছে না দেশের শীর্ষ ক্রিকেটারদের। ফাইনালের পরপরই এবার মাঠে গড়াতে যাচ্ছে আরেকটি আকর্ষণীয় লড়াই। জাতীয় দলের বিপক্ষে খেলেবে বিসিএলের সেরা পারফর্মাররা।
গত ২৩ ফেব্রুয়ারি শুরু হয়েছিল বিসিএলের ওয়ানডে সংস্করণ। গ্রুপ পর্বের উত্তেজনাপূর্ণ লড়াই শেষে মঙ্গলবার মিরপুরের শেরে-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় ফাইনাল। সেই ম্যাচ শেষ হতেই নতুন একটি প্রদর্শনী ম্যাচের প্রস্তুতি শুরু হয়েছে।
আগামীকাল ৭ মার্চ মিরপুর শেরে-ই বাংলা স্টেডিয়ামে মুখোমুখি হবে দুটি দল। একদিকে থাকবে বাংলাদেশের জাতীয় দলের ক্রিকেটাররা, অন্যদিকে বিসিএলে দারুণ পারফরম্যান্স করা ক্রিকেটারদের নিয়ে গড়া অল স্টারস দল। ফলে ম্যাচটি ঘিরে ক্রিকেটপ্রেমীদের আগ্রহও কম নয়।
অল স্টারস দলের নেতৃত্বে থাকছেন তরুণ উইকেটকিপার-ব্যাটার আকবর আলী। তাঁর নেতৃত্বে দলে জায়গা পেয়েছেন অভিজ্ঞ ও তরুণ ক্রিকেটারদের মিশ্রণ। দলে আছেন ওপেনার নাইম শেখ ও পারভেজ ইমন, অলরাউন্ডার সৌম্য সরকার ও মোসাদ্দেক সৈকত, স্পিনার নাইম হাসান এবং পেসার খালেদ আহমেদের মতো পরিচিত মুখ।
ম্যাচটি শুরু হবে দুপুর ২টা ১৫ মিনিটে এবং নির্ধারিত সময় অনুযায়ী শেষ হওয়ার কথা রাত ৯টা ৫৫ মিনিটে। এই ম্যাচ শেষেই জাতীয় দলের ক্রিকেটাররা মনোযোগ দেবেন আসন্ন পাকিস্তান সিরিজের প্রস্তুতিতে।
সবকিছু ঠিক থাকলে ১১ মার্চ মিরপুর শেরে-ই বাংলায় শুরু হবে বাংলাদেশ–পাকিস্তান ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ। সিরিজের বাকি দুই ম্যাচ অনুষ্ঠিত হবে ১৩ ও ১৫ মার্চ। তিনটি ম্যাচই হবে একই ভেন্যুতে।
বিসিএল অল স্টারস দল
আকবর আলী (অধিনায়ক), নাইম শেখ, সৌম্য সরকার, মাহফিজুল ইসলাম রবিন, পারভেজ ইমন, মাহিদুল ইসলাম অঙ্কন, মোসাদ্দেক সৈকত, তানভীর ইসলাম, রিপন মণ্ডল, সৈয়দ খালেদ আহমেদ, আব্দুল গাফফার সাকলাইন, রবিউল হক, রাকিবুল হাসান, জিসান আলম, নাইম হাসান।
এমআই