তিন মাস মেয়াদে অ্যাডহক কমিটির প্রধান হলেন তামিম
খেলা ডেস্ক
০৭ এপ্রিল ২০২৬, ১৬:৪০
বাংলাদেশ ক্রিকেটে আবারও বড় পরিবর্তনের হাওয়া। বিতর্ক আর অনিয়মের অভিযোগের পর এবার সরাসরি হস্তক্ষেপ জাতীয় ক্রীড়া পরিষদের। আর সেই পথ ধরেই নতুন নেতৃত্বে আসছেন তামিম ইকবাল। জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) থেকে প্রস্তাবিত ১১ সদস্যের অ্যাডহক কমিটির প্রধান হলেন সাবেক ক্রিকেটার তামিম ইকবাল।
বুধবার এক সংবাদ সম্মেলনে এনএসসির ক্রীড়া পরিচালক আমিনুল এহসান বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, বিসিবির নির্বাচন নিয়ে গঠিত তদন্ত কমিটির সুপারিশ ও পর্যালোচনার ভিত্তিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কমিটির মেয়াদ নির্ধারণ করা হয়েছে তিন মাস।
আমিনুল এহসানের ভাষায়, ‘বিসিবির নির্বাচনে অনিয়মের বিষয়টি যথাযথ কর্তৃপক্ষ খুঁজে পেয়েছে। সাবেক ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ নির্বাচনে সরাসরি হস্তক্ষেপ করেছেন। সেটি আইসিসিকে জানানো হয়েছে। ২০১৮ সালের আইন অনুযায়ী বিদ্যমান কমিটি বিলুপ্ত করে নতুন অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে।’
তবে এই সিদ্ধান্ত ঘিরে স্বাভাবিকভাবেই উঠছে আন্তর্জাতিক ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসির প্রশ্ন। কারণ, কোনো ক্রিকেট বোর্ড স্বাধীনভাবে কাজ করতে ব্যর্থ হলে নিষেধাজ্ঞার ঝুঁকিতে পড়ে সংশ্লিষ্ট দেশ। এই প্রসঙ্গে এনএসসি জানিয়েছে, বিসিবির পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়ার বিষয়টি ইতোমধ্যে আইসিসিকে ইমেইলের মাধ্যমে অবহিত করা হয়েছে।
এনএসসির প্রস্তাবিত অ্যাডহক কমিটি
সভাপতি- তামিম ইকবাল। সদস্য- রাশনা ইমাম, মির্জা ইয়াসির আব্বাস, সৈয়দ ইব্রাহিম আহমেদ, ইসরাফিল খসরু, মিনহাজুল নান্নু, আতাহার আলী খান, তানজীম চৌধুরী, সালমান ইস্পাহিনী, রফিকুল ইসলাম, ফাহিম সিনহা।
এমআই