দায়িত্ব নিয়ে নিজের প্রথম কাজের কথা জানালেন তামিম
খেলা ডেস্ক
০৭ এপ্রিল ২০২৬, ২২:৫০
আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বিসিবির পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়ার পর জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) তামিমকে সভাপতি করে ১১ সদস্যের অ্যাডহক কমিটি গঠন করেছে। দায়িত্ব নেওয়ার পরই সন্ধ্যায় বসে নতুন কমিটির প্রথম বৈঠক। যেখানে সরাসরি উপস্থিত ছিলেন ৬ জন সদস্য, বাকি ৫ জন যুক্ত হন অনলাইনে।
রাত ৮টায় শুরু হওয়া সেই বৈঠকের পর সংবাদ সম্মেলনে এসে তামিম স্পষ্ট করে দিলেন তার অগ্রাধিকার। বাংলাদেশ ক্রিকেটের হারানো সুনাম ফেরাতে চান তিনি। তামিম বলেন, ‘অনেকে দায়িত্ব পেলে ডেভেলপমেন্ট নিয়ে কথা বলেন। কিন্তু আমি এবং আমার দল মনে করি, আমাদের প্রথম কাজ হবে বাংলাদেশের ক্রিকেটের রেপুটেশন ঠিক করা।’
তিনি আরও যোগ করেন, ‘আমাদেরকে তিন মাসের জন্য আনা হয়েছে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করতে। আমরা চেষ্টা করব সর্বোচ্চ সততা ও দ্রুততার সঙ্গে সেই দায়িত্ব পালন করতে।’ তবে অ্যাডহক কমিটির দায়িত্বে থাকলেও তামিম নিজেই নির্বাচন করবেন বলে জানিয়েছেন তিনি।
গত এক থেকে দেড় বছরে দেশের ক্রিকেটের ভাবমূর্তি যে ধাক্কা খেয়েছে, সেটিই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে মনে করছেন তামিম। তামিম বলেন, ‘এই সময়ে যে রেপুটেশন ড্যামেজ হয়েছে, সেটি ঠিক করাই আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ।’
নিজেদের প্রধান লক্ষ্যের কথা জানিয়ে সাবেক এই ক্রিকেটার আরও বলেন, ‘আমাদের ভুল হবে, আমাদের দলে যারা আছেন তাদেরও ভুল হবে। ওই ভুল থেকে আমরা শিখব, আবার আমরা চেষ্টা করব। এটাই আমাদের প্রধান লক্ষ্য।’
এমআই