তামিম সভাপতি হওয়ার ইতিবাচক দিক ব্যাখ্যা করলেন মিরাজ
খেলা ডেস্ক
১৬ এপ্রিল ২০২৬, ১৭:২৮
বাংলাদেশ ক্রিকেটে সময়টা বদলের। দিন কয়েক আগে ঢাকা প্রিমিয়ার লিগে একত্রে খেলেছিলেন তামিম ইকবাল ও মেহেদী হাসান মিরাজ। জাতীয় দলের একত্রে খেলার গল্পটা খুব বেশি পুরোনো নয়। কিন্তু বর্তমানে দুইজনের ভিন্ন পথ। মিরাজ এখন জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক, আর তামিম বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অ্যাডহক কমিটির সভাপতি।
পরিবর্তনের ডামাডোলের মাঝে ইতিবাচক দিক খুঁজে নিচ্ছেন মিরাজ। মিরপুরে নিউজিল্যান্ড সিরিজ-পূর্ব সংবাদ সম্মেলনে মিরাজ জানালেন, তামিমের উপস্থিতি দলকে বাড়তি সুবিধা দেবে। একইসঙ্গে ক্রিকেটারদের মানসিকতা, চাহিদা ও ড্রেসিংরুমের বাস্তবতায় ইতিবাচক প্রভাব ফেলবে।
মিরাজ বলেন, ‘যেহেতু আমরা একসঙ্গে ক্রিকেট খেলেছি, তিনি আমাদের সম্পর্কে বেশি ভালো জানবেন। উনি যেহেতু সাম্প্রতিক সময়ে খেলা ছেড়েছেন, আমাদের কী চাহিদা আছে, আমরা কী পছন্দ করি (তা জানেন)। এটা খেলোয়াড়দের জন্য একটা ইতিবাচক দিক।’
সভাপতির দায়িত্ব নেওয়ার পরই ঘরোয়া ক্রিকেটে আর্থিক উন্নয়নের উদ্যোগ নিয়েছেন তামিম। বাড়ানো হয়েছে ক্রিকেটারদের বেতন, প্রথম শ্রেণির ম্যাচ ফিও। পাশাপাশি খেলোয়াড়দের সঙ্গে সরাসরি কথাবার্তাও চালিয়ে যাচ্ছেন তিনি। সে অভিজ্ঞতা নিয়েও কথা বলেছেন মিরাজ।
তিনি বলেন, ‘উনি (তামিম ইকবাল) আমাদের সঙ্গে কথা বলেছেন। দল ভালো করছে এটা বলে অনুপ্রেরণা দিয়েছেন। বলেছেন, যেভাবে খেলছি, সেই ধারাটা ধরে রাখতে হবে।’
মাঠের বাইরের নানা আলোচনার মাঝেও জাতীয় দলের প্রস্তুতিতে কোনো ছেদ পড়েনি। গত কয়েক সপ্তাহে সাদা বলের ক্রিকেটে নিউজিল্যান্ড সিরিজ এবং সামনে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ—দুটোর জন্যই আলাদা প্রস্তুতি নিয়েছে দল।
মিরাজ বলেন, ‘আমরা খুব ভালো অনুশীলন করেছি। পেশাদার ক্রিকেটার হিসেবে বাইরের বিষয়গুলো আমাদের পারফরম্যান্সে প্রভাব ফেলে না। আমাদের কাজ মাঠে ভালো করা। গত তিন সপ্তাহের অনুশীলন আমার কাছে খুব ভালো লেগেছে। আমরা শুধু নিজেদের প্রস্তুতিতেই মনোযোগ দিয়েছি।’
এমআই