Advertisement
Us Bangla Airlines
তামিমের ক্যাপ্টেনস কার্ড ‘এ যুগের বৈষম্য’

তামিমের ক্যাপ্টেনস কার্ড ‘এ যুগের বৈষম্য’

খেলা ডেস্ক

১৮ এপ্রিল ২০২৬, ১৭:৪১

বাংলাদেশ ক্রিকেটে সাবেক অধিনায়কদের সম্মান জানাতে নতুন উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তামিম ইকবালের নেতৃত্বাধীন অ্যাডহক কমিটি চালু করেছে ‘ক্যাপ্টেনস কার্ড’, যা ইতোমধ্যেই আলোচনার কেন্দ্রবিন্দুতে। তবে প্রশংসার পাশাপাশি উঠছে তীব্র সমালোচনাও।

এই কার্ডের আওতায় দেশের হয়ে অন্তত একটি আন্তর্জাতিক ম্যাচে অধিনায়কত্ব করা ক্রিকেটারদের বিশেষ সুবিধা দেওয়ার পরিকল্পনা করেছে বোর্ড। আইসিসি বা এসিসি ইভেন্ট, দ্বিপাক্ষিক সিরিজ কিংবা বিপিএল; সব ধরনের ম্যাচেই স্টেডিয়ামে প্রবেশের সুযোগ থাকছে তাদের জন্য।

এছাড়া পূর্বনির্ধারিত অ্যাপয়েন্টমেন্ট ছাড়াই প্রয়োজনে বিসিবির মেডিকেল টিমও থাকবে হাতের নাগালে। দেশের ক্রিকেট বোর্ডের সাবেক ও বর্তমান অধিনায়কেরা এসব সুযোগ-সুবিধা পেয়ে থাকবেন।  ইতোমধ্যে দেশের ৩২ জন সাবেক অধিনায়ক এই সম্মাননা পেয়েছেন, যার মধ্যে ২৭ জন পুরুষ ও ৫ জন নারী ক্রিকেটার।

কিন্তু এই উদ্যোগকে ‘বৈষম্যমূলক’ বলে সরব হয়েছেন সাবেক পেসার তাপস বৈশ্য। সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ ঝেড়ে তিনি প্রশ্ন তুলেছেন—অধিনায়ক হলেই কি বাড়তি মর্যাদা, আর বাকিরা কোথায়? অনেক তারকা ক্রিকেটার অধিনায়ক না হয়েই ক্রিকেটার ক্যারিয়ার শেষ করেছেন। এদের মধ্যে রফিক, রাজ্জাক উল্লেখযোগ্য।

বিষয়টি নিয়ে ক্ষোভ জানিয়ে তাপস লিখেছেন, ‘আগে থেকেই খেলা দেখার জন্য অধিনায়কদের জন্য এসি বক্স, আর অন্য জাতীয় দলের সতীর্থদের জন্য সাধারণ গ্যালারি। এখন আবার কার্ড! অধিনায়করা রাজা, আর অন্যরা প্রজা! অধিনায়ক হলেই তুমি চৌধুরী, আর অন্য সতীর্থরা?’

তিনি আরও উল্লেখ করেন, জাতীয় দলে খেলেছেন এমন প্রত্যেক ক্রিকেটারেরই সমান মর্যাদা পাওয়া উচিত। জনপ্রিয়তার উদাহরণ টেনে তিনি বলেন, মোহাম্মদ রফিকের মতো ক্রিকেটার সাধারণ গ্যালারিতে বসবেন, আর কম পরিচিত কোনো অধিনায়ক এসি বক্সে, এটা মেনে নেওয়া কঠিন।

তাঁর অভিযোগ এখানেই শেষ নয়। স্বাস্থ্যসেবার ক্ষেত্রেও বৈষম্যের ইঙ্গিত দিয়ে তিনি প্রশ্ন তুলেছেন, অধিনায়কদের জন্য বিশেষ সুবিধা থাকলে অন্য সাবেক ক্রিকেটারদের জন্য কী ব্যবস্থা? এই ধরনের বৈষম্যের কারণে নিজেকে জাতীয় দলের সাবেক ক্রিকেটার হিসেবে পরিচয় দিতেও অস্বস্তি বোধ করছেন বলে জানান তাপস বৈশ্য।

এমআই