নাহিদ-তাসকিন ছাড়াই টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা
খেলা ডেস্ক
২১ এপ্রিল ২০২৬, ২০:২৫
নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অভিজ্ঞ পেস আক্রমণকে বিশ্রামে রেখে তরুণদের নিয়ে দল সাজিয়েছেন নির্বাচকরা। প্রথম দুই ম্যাচের জন্য এই দল ঘোষণা করা হয়েছে।
দলের সবচেয়ে বড় পরিবর্তন এসেছে পেস ইউনিটে। মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ এবং নাহিদ রানা—তিন অভিজ্ঞ ও গতিময় পেসারকেই প্রথম দুই ম্যাচে বিশ্রাম দেওয়া হয়েছে। তাদের অনুপস্থিতিতে পেস আক্রমণে সুযোগ পেয়েছেন নতুন মুখ আব্দুল গাফফার সাকলাইন।
২৮ বছর বয়সী এই পেস বোলিং অলরাউন্ডার ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফরম্যান্স, বৈচিত্র্যময় বোলিং এবং শেষ দিকে কার্যকর ব্যাটিংয়ের কারণে প্রথমবার জাতীয় দলে ডাক পেয়েছেন। স্কোয়াডে ফিরেছেন ডানহাতি পেসার রিপন মণ্ডলও।
২৩ বছর বয়সী এই বোলার ২০২৩ এশিয়ান গেমসে বাংলাদেশের হয়ে তিনটি ম্যাচ খেলেছিলেন। এছাড়া জাতীয় দলের স্কোয়াডে অতীতে ডাক পেলেও একাদশে খেলা হয়নি তার। এবার তাসকিনের অনুপস্থিতিতে নিজেকে প্রমাণের বড় সুযোগ পাচ্ছেন তিনি।
আগামী ২৭ এপ্রিল চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। প্রথম দুই ম্যাচ চট্টগ্রামে এবং শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে ঢাকায়। সিরিজের প্রতিটি ম্যাচই দুপুর দুইটা থেকে শুরু হবে।
একনজরে বাংলাদেশ স্কোয়াড
লিটন কুমার দাস (অধিনায়ক), মোহাম্মদ পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান, মোহাম্মদ সাইফ হাসান (সহ-অধিনায়ক), শামীম হোসেন, তাওহীদ হৃদয়, কাজী নুরুল হাসান সোহান, শেখ মাহেদী হাসান, নাসুম আহমেদ, রিশাদ হোসেন, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, রিপন মন্ডল, সাইফ উদ্দিন এবং আব্দুল গাফফার সাকলাইন।
এমআই