তামিমকে বিসিবির নির্বাচিত সভাপতি হিসেবে দেখতে চান সাকিব
খেলা ডেস্ক
২৯ এপ্রিল ২০২৬, ২০:৪০
বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) নতুন নেতৃত্ব নিয়ে ইতিবাচক মত দিয়েছেন জাতীয় দলের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান। তার মতে, সাবেক অধিনায়ক তামিম ইকবাল যদি নির্বাচনের মাধ্যমে দীর্ঘমেয়াদে দায়িত্ব পান, তাহলে দেশের ক্রিকেট উপকৃত হবে।
সম্প্রতি আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বিসিবির পরিচালনা পর্ষদ ভেঙে দিয়ে গঠন করা হয়েছে নতুন অ্যাডহক কমিটি। সেই কমিটির সভাপতির দায়িত্ব পেয়েছেন তামিম ইকবাল। বর্তমান কমিটির মেয়াদ তিন মাস। এর মধ্যেই নতুন নির্বাচন আয়োজনের কথা রয়েছে। গুঞ্জন আছে, তামিম সেখানে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
এই প্রসঙ্গে সাকিব বলেন, ‘আমি বলতে চাই, তিনি (তামিম) তো নির্বাচিত হয়ে আসেননি। তিনি নির্বাচন আয়োজনের দায়িত্ব পেয়েছেন। তবে যদি তিনি সভাপতি হন, আমার বিশ্বাস তার একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনা থাকবে এবং সেটা অবশ্যই বাংলাদেশ ক্রিকেটের জন্য উপকারী হবে।’
জাতীয় দলের সাম্প্রতিক পারফরম্যান্স নিয়েও সন্তোষ প্রকাশ করেন তিনি। ‘বাংলাদেশ দল এই মুহূর্তে সত্যিই ভালো করছে। তারা মাত্রই নিউজিল্যান্ডকে হারিয়েছে, প্রথম টি-টোয়েন্টিও জিতেছে। ব্যক্তিগত পারফরম্যান্সের তুলনায় দলগত পারফরম্যান্স বেশি দেখা যাচ্ছে।’
সাকিব আরও বলেন, ‘আগে আমরা অনেকটাই ব্যক্তিগত পারফরম্যান্সের ওপর নির্ভর করতাম, এখন পুরো দল হিসেবে খেলছে। এগিয়ে যাওয়ার জন্য এটাই সবচেয়ে ভালো পথ।’
বিশ্বকাপে না খেলা নিয়ে সাকিব বলেন, ‘আমি মনে করি এটা বড় ক্ষতি। বাংলাদেশের ক্রিকেটের জন্য এটা বড় ক্ষতি। কারণ আমরা একটি দেশ হিসেবে বিশ্বকাপের আমাদের দেশের, খেলোয়াড়দের খেলতে দেখতে ভালোবাসি।’
এমআই