Advertisement
Us Bangla Airlines
‘নাহিদ রানার আগ্রহ দেখে অবাক হয়েছি’

‘নাহিদ রানার আগ্রহ দেখে অবাক হয়েছি’

খেলা ডেস্ক

১৫ মে ২০২৬, ২০:৫০

বাংলাদেশের পেস আক্রমণ এখন নতুন রূপে, আর সেই রূপান্তরের অন্যতম প্রতীক নাহিদ রানা। এমনটাই মনে করেন মুশফিকুর রহিম। অভিজ্ঞ এই ব্যাটার জানিয়েছেন, তরুণ এই ফাস্ট বোলারের শেখার আগ্রহই তাঁকে সবচেয়ে বেশি মুগ্ধ করেছে।

মুশফিক বলেন, ‘নাহিদ সম্পর্কে যদি বলি, ওকে আমি প্রথম শ্রেণির ক্রিকেট থেকেই চিনি। আমি রাজশাহীতে যখন শেষবার খেলেছি দুই বছর আগে, তখনই রানাকে দেখেছি। কাছে থেকে ওকে দেখা এবং ওর সঙ্গে খেলা তখন থেকেই ভালো লেগেছে।’

তিনি আরও বলেন, ‘আমি জানতাম সে আন্তর্জাতিক ক্রিকেটে অবশ্যই খেলবে। ওর শেখার যে আগ্রহ বা নিজের উন্নতি করার যে ইচ্ছা, তা সাধারণ তরুণদের মধ্যে কম থাকে।’

১৫০ কিলোমিটার গতির বোলিংয়ে আলো ছড়ানো নাহিদ রানা ইতোমধ্যেই টেস্ট ক্রিকেটে নিজের সম্ভাবনার জানান দিয়েছেন। শ্রীলঙ্কার বিপক্ষে সিলেটে অভিষেক ম্যাচেই তিন উইকেট শিকার করে নজর কাড়েন তিনি। এরপর রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে টানা পারফরম্যান্সে নিজেকে আরও প্রতিষ্ঠিত করেন এই তরুণ পেসার।

ঢাকা টেস্টে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয়ের নায়কও ছিলেন রানা। পাঁচ উইকেট নিয়ে দলকে এনে দেন ১০৪ রানের জয়। দ্বিতীয় ইনিংসে তাঁর বিধ্বংসী স্পেলে মাত্র ৪.৫ ওভারে চার উইকেট হারায় পাকিস্তান।

রানার এই অগ্রযাত্রার পেছনের গল্পও তুলে ধরেন মুশফিক। তাঁর ভাষায়, ‘আমি, ফরহাদ হোসেন ভাই, জুনায়েদ সিদ্দিকী ছিলেন, আর অমি ভাই ছিলেন। সিনিয়রদের কাছে গিয়ে রানা জানতে চাইতো, ভাই আমি উইকেট টু উইকেট করলে কেমন হয়, লাইফস্টাইলটা কেমন হবে। ওই সময় তাকে দেখে আমি সত্যিই অবাক হয়েছিলাম এবং খুশি ছিলাম।’

মুশফিক আরও আশা প্রকাশ করেন, এই তরুণ পেসার দীর্ঘদিন বাংলাদেশকে সেবা দিতে পারবেন। একই সঙ্গে জাতীয় দলের ব্যাটিং বিভাগ নিয়েও আশাবাদী তিনি, বিদায়ের আগে টেস্ট দলে আরও কয়েকজন মানসম্পন্ন ব্যাটারের উত্থান দেখতে চান এই অভিজ্ঞ ক্রিকেটার।

এমআই