Advertisement
Us Bangla Airlines
‘পাকিস্তান সিরিজ জয়ে আমার অবদান নেই’

‘পাকিস্তান সিরিজ জয়ে আমার অবদান নেই’

খেলা ডেস্ক

২১ মে ২০২৬, ২২:১২

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) দায়িত্ব নেওয়ার পর থেকেই সুখবর পাচ্ছেন তামিম ইকবাল। ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে সাদা বলের সিরিজ জয়ের পর এবার পাকিস্তানকে টেস্ট সিরিজে হারিয়ে ইতিহাস গড়েছে বাংলাদেশ। তবে এই সাফল্যের কৃতিত্ব নিজের কাঁধে নিতে নারাজ বিসিবি সভাপতি।

বৃহস্পতিবার (২১ মে) মিরপুরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে তামিম স্পষ্ট জানিয়ে দেন, মাঠের ক্রিকেটে তাঁর কোনো ভূমিকা নেই। দলের সাফল্যের পুরো কৃতিত্ব তিনি দিয়েছেন কোচিং স্টাফ, ক্রিকেটার এবং টিম ম্যানেজমেন্টকে।

তামিম বলেন, ‘টিম ম্যানেজমেন্ট দারুণ করছে। এখানে আমার কোনো অবদান নেই। দল নিয়ে আমার ইনপুট নেই, মাথাও ঘামাই না। মাঠে যারা জড়িত, সব কৃতিত্ব তাদের। কোচ, সাপোর্ট স্টাফ, খেলোয়াড় সবারই প্রাপ্য আছে। ক্রিকেট অপারেশন্সে যারা কাজ করছে, এটা তাদেরও সাফল্য।’

বাংলাদেশ দল নিয়ে নিজের অবস্থানও পরিষ্কার করেছেন সাবেক এই অধিনায়ক। তাঁর ভাষায়, জাতীয় দলের ক্রিকেটীয় সিদ্ধান্তে তিনি হস্তক্ষেপ করেন না। সভাপতির দায়িত্বকে আলাদা করেই দেখছেন তিনি।

তামিম বলেন, ‘বাংলাদেশ ক্রিকেট দল নিয়ে আমি কোনো মতামত দিই না বা এসব নিয়ে মাথা ঘামাই না। আমার দায়িত্ব ভিন্ন, আর সেগুলোই আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ।’

আগামী মাসে বাংলাদেশ সফরে আসছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। একই সময়ে অনুষ্ঠিত হওয়ার কথা বিসিবির নির্বাচনও। বিষয়টি নিয়ে কোনো জটিলতা দেখছেন না তামিম। তিনি বলেন, ‘অস্ট্রেলিয়া আমাদের অতিথি। তারা আসবে, নিজেদের কাজ করবে। নির্বাচনও নির্বাচনের মতো চলবে। আমার মনে হয় না এতে খুব বেশি সমস্যা হবে।’

এমআই