বিনা ভোটেই বিসিবি পরিচালক হচ্ছেন তামিমের ফুফা সিরাজউদ্দিন
খেলা ডেস্ক
২২ মে ২০২৬, ১৭:৪২
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন নির্বাচনের আগেই নিশ্চিত হয়ে গেল পরিচালনা পর্ষদের একটি আসনের ফল। ‘সি’ ক্যাটাগরি থেকে একমাত্র প্রার্থী হওয়ায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক হতে যাচ্ছেন সিরাজউদ্দিন আলমগীর। যিনি জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালের ফুফা হিসেবেও পরিচিত।
আগামী ৭ জুন অনুষ্ঠিত হবে বিসিবির পরিচালনা পর্ষদের নির্বাচন। এরই মধ্যে গত ১৬ মে প্রকাশ করা হয়েছে নির্বাচনের তফসিল। মনোনয়নপত্র সংগ্রহের শেষ দুই দিনে জমে উঠেছিল নির্বাচনী কার্যক্রম। তবে ‘সি’ ক্যাটাগরিতে একক প্রার্থী হওয়ায় লড়াই ছাড়াই জয় নিশ্চিত করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এই সাবেক বোর্ড পরিচালক।
সর্বশেষ কয়েকটি বিসিবি নির্বাচনে ‘সি’ ক্যাটাগরিতে জমজমাট প্রতিদ্বন্দ্বিতা দেখা গেলেও এবার ভিন্ন চিত্র। অন্য কোনো প্রার্থী মনোনয়ন না তোলায় সহজ পথেই বোর্ডে ফিরছেন সিরাজউদ্দিন আলমগীর। এর আগে ২০১২ সালে বিসিবির পরিচালক ছিলেন তিনি। দীর্ঘ ১৬ বছর পর আবারও দেশের ক্রিকেটের সর্বোচ্চ প্রশাসনিক মঞ্চে ফিরতে যাচ্ছেন এই সংগঠক।
এদিকে বিসিবিতে এবার জমা পড়েছে মোট ১৮৪টি কাউন্সিলরশিপ। কয়েকটি জেলা ও সংস্থা থেকে কাউন্সিলরশিপ না আসায় সংখ্যা আটটি কম রয়েছে বলে জানা গেছে।
ঢাকার ক্লাব ক্যাটাগরি থেকে পরিচালক পদে মনোনয়ন সংগ্রহ করেছেন ১৯ জন। তাদের মধ্যে রয়েছেন তামিম ইকবাল, ফাহিম সিনহা, সাঈদ ইব্রাহিম আহমেদ, ইসরাফিল খসরু, ইয়াসির আব্বাস, আসিফ রাব্বানি, মাসুদুজ্জামান, রফিকুল বাবু, বোরহানুল ইসলাম, ইয়াসির আশিক, লুৎফর রহমান বাদল, ফায়জুর রহমান ভূঁইয়া, ফায়াজুর রহমান মিতু, শাহনিয়ান তানিম ও আমজাদ হোসেন।
অন্যদিকে জেলা ও বিভাগীয় পর্যায় থেকেও মনোনয়ন সংগ্রহ করেছেন ১৯ জন। এর মধ্যে ঢাকা বিভাগ থেকে চারজন, চট্টগ্রাম ও খুলনা বিভাগ থেকে তিনজন করে প্রার্থী মনোনয়ন তুলেছেন। এছাড়া রংপুর, বরিশাল, রাজশাহী ও সিলেট মিলিয়ে বাকি ১০ জন মনোনয়ন সংগ্রহ করেছেন।
এমআই