Advertisement
Us Bangla Airlines
আইপিএল খেলে টেস্ট মিস, আর্চারকে একহাত নিলেন ডুল

আইপিএল খেলে টেস্ট মিস, আর্চারকে একহাত নিলেন ডুল

খেলা ডেস্ক

০৩ জুন ২০২৬, ২১:৫৯

ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের দৌরাত্ম্য শেষে ফের দ্বিপাক্ষিক সিরিজে ব্যস্ত হয়ে ওঠেছে বিশ্ব ক্রিকেট। পাকিস্তান-অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা-উন্ডিজের পর কাল ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামছে নিউজিল্যান্ড। লর্ডসে লাল বলের ক্রিকেটে ইংলিশদের মুখোমুখি হবে কিউইরা। তবে আইপিএলে টানা ম্যাচ খেলায় সিরিজের প্রথম টেস্টে থাকছেন না পেসার জফরা আর্চার। এতেই চটেছেন সাবেক নিউজিল্যান্ড ক্রিকেটার ও ধারাভাষ্যকার সাইমন ডুল।

ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কারণে সিরিজের প্রথম টেস্টে নেই জফরা আর্চার। জাতীয় দল থেকে ছুটি পেয়ে ভারত থেকেই জন্মভূমি বার্বাডোজে ফিরে গেছেন তিনি। ম্যাচ ফিটনেস বিবেচনায় আর্চারকে দ্বিতীয় টেস্টে নেওয়া হবে কি না, সেটা নিয়েও সন্দিহান ইংলিশ কোচ ব্রেন্ডন ম্যাককালাম। কিন্তু মোটা বেতনের আর্চারকে আইপিএলের ওয়ার্কলোডের জন্য টেস্ট ক্রিকেট থেকে ছুটি দেওয়াকে কোনোভাবেই মানতে পারছেন না ডুল।

স্কাই স্পোর্টসে দেওয়া এক সাক্ষাৎকারে আর্চারের প্রতি ক্ষোভ উগড়ে দিয়েছেন এই ক্রিকেট বিশ্লেষক। ডুল বলেন, ‘আর্চারের টেস্ট দলে না থাকা এটা একেবারেই হাস্যকর, পুরোপুরি হাস্যকর। আপনি যদি বছরে প্রায় এক মিলিয়ন পাউন্ড দিয়ে একজন খেলোয়াড়কে রাখেন, তাহলে সে কীভাবে আপনার প্রথম টেস্টের জন্য দলে থাকবে না? এটা সত্যিই হাস্যকর।’

টেস্ট দলে না থাকার পেছনে আর্চারের দায়কে বড় করে দেখছেন সাইমন ডুল। তার মতে, আইপিএল ও জাতীয় দলের দায়িত্বের মধ্যে আর্চারের আরও ভালোভাবে ভারসাম্য রাখা দরকার ছিল। এক্ষেত্রে ডুল কিউই পেসার টিম সাউদি, ট্রেন্ট বোল্ট ও ম্যাট হেনরির উদাহরণও টেনেছেন। পাশাপাশি টেস্ট ক্রিকেটে আর্চারের আগ্রহ নিয়েও প্রশ্ন তুলেছেন।

ডুল বলেন, ‘শেষবার যখন নিউজিল্যান্ড এখানে এসেছিল, আমরা সেই শেষ বাজবল সিরিজের কথা বলতে পারি। টিম সাউদি, ট্রেন্ট বোল্ট, ম্যাট হেনরি সবাই তখন আইপিএল খেলেই এখানে এসেছিল। কিন্তু ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট খেলতে আইপিএল ম্যাচগুলোর মাঝে লাল বল দিয়ে অনুশীলন করছিল। আইপিএল খেলে একই কাজ আর্চার করতে পারবেন না, এমন কোনো কারণ নেই। বরং তার টেস্ট ক্রিকেট কতটা আগ্রহ আছে, তা নিয়ে প্রশ্ন রয়েছে।’

আইপিএলে রাজস্থান রয়্যালসের হয়ে খেলেছেন জফরা আর্চার। চলতি আসরে ১৬ ম্যাচ খেলে নিয়েছেন ২৫ উইকেট। দারুণ বোলিংয়ে দলকে ফাইনালের কাছাকাছি পৌঁছে দিয়েছেন এই ইংলিশ বোলার। কিন্তু আইপিএলে ভালো পারফর্ম করলেও টেস্ট ম্যাচ না খেলাটাকে বড় দোষের হিসেবে দেখছেন ক্রিকেট বিশ্লেষক সাইমন ডুল।