ভুটানকে ১২-০ গোলে উড়িয়ে বাংলাদেশের দাপুটে সূচনা
খেলা ডেস্ক
৩১ জানুয়ারি ২০২৬, ১৬:৪৪
সাফ অনূর্ধ্ব-১৯ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়নের মতো করেই যাত্রা শুরু করল বাংলাদেশ। নেপালের পোখারার রঙ্গশালায় টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে ভুটানকে ১২-০ গোলে বিধ্বস্ত করে নিজেদের শক্তির জানান দিল লাল-সবুজের মেয়েরা। পিটার বাটলারের দলের সামনে দাঁড়াতেই পারেনি ভুটানের রক্ষণভাগ।
ম্যাচের শুরু থেকেই আক্রমণের ঝাঁজ দেখালেও প্রথম গোলের জন্য কিছুটা অপেক্ষা করতে হয় বাংলাদেশকে। ২৭ মিনিটে কর্নার থেকে বাঁ পায়ের নিখুঁত বাঁকানো শটে গোলের খাতা খুলে দেন মামনি চাকমা। বলটি গোলরক্ষকের হাতে লেগেছিল কি না, তা রিপ্লেতে স্পষ্ট না হলেও দর্শনীয় এই গোল ম্যাচের অন্যতম আকর্ষণ হয়ে থাকে।
মামনির গোলে লিড নেওয়ার পর আর থামেনি বাংলাদেশ। প্রথমার্ধেই আরও দুই গোল যোগ করে ৩-০ ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায় দল। বিরতির পর যেন আরও ভয়ংকর রূপ নেয় বাংলাদেশ। একের পর এক আক্রমণে ভুটানের রক্ষণভাগকে ছিন্নভিন্ন করে দেন আলপি-মুনকিরা।
পঞ্চম গোল হজমের পর গোলরক্ষক বদলাতে বাধ্য হয় ভুটান, কিন্তু তাতেও রক্ষা হয়নি। ৫৯ মিনিটেই আসে বাংলাদেশের ষষ্ঠ গোল। বাকি সময়জুড়ে জালে বল পাঠানো হয়েছে আরও ছয়বার। গোলের বন্যায় ভেসে শেষ পর্যন্ত বড় জয় নিশ্চিত করেই মাঠ ছাড়ে বর্তমান চ্যাম্পিয়নরা।
চার দলের এই টুর্নামেন্টে বাংলাদেশের বাকি দুই প্রতিদ্বন্দ্বী স্বাগতিক নেপাল ও ভারত। তারা আজ বাংলাদেশ সময় বেলা সোয়া তিনটায় মুখোমুখি হবে। লিগ পদ্ধতিতে হওয়া এই প্রতিযোগিতায় পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দল আগামী ৭ ফেব্রুয়ারি ফাইনালে লড়বে।
এমআই