সাফের সেমিফাইনালে বাংলাদেশ
খেলা ডেস্ক
০৮ নভেম্বর ২০২৬, ২২:২৪
ভুটানকে প্রথম ম্যাচে হারিয়ে সেমিফাইনালের পথে এক ধাপ এগিয়ে ছিল বাংলাদেশ। এবার সেই পথ আরও সহজ করে দিল ভুটান ও শ্রীলঙ্কার ড্র। দুই দলের পয়েন্ট ভাগাভাগিতে সাফের সেরা চারে জায়গা নিশ্চিত করেছে বাংলাদেশ। পাকিস্তানের পর দ্বিতীয় দল হিসেবে শেষ চারের টিকিট পেল লাল-সবুজের প্রতিনিধিরা।
রোববার রাতে ঢাকার পল্টনের জাতীয় স্টেডিয়ামে ‘এ’ গ্রুপের ম্যাচে ২-২ গোলে ড্র করেছে ভুটান ও শ্রীলঙ্কা। এই ফলে দুই দলেরই সেমিফাইনালের আশা টিকে থাকলেও বাংলাদেশের শেষ চার নিশ্চিত হয়ে গেছে। গ্রুপ পর্বে এখনো একটি করে ম্যাচ বাকি থাকলেও তিন পয়েন্ট নিয়ে সেমিফাইনালে ওঠার বাধা পেরিয়েছে বাংলাদেশ।
ম্যাচে অবশ্য শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে শ্রীলঙ্কা। ১৩ মিনিটে অলিভার কেলার্টের শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হলে এগিয়ে যাওয়ার সুযোগ নষ্ট হয় তাদের। একের পর এক আক্রমণ করেও গোলের দেখা পাচ্ছিল না লঙ্কানরা। উল্টো ৩৪ মিনিটে দাওয়া শেরিংয়ের গোলে এগিয়ে যায় ভুটান।
তবে সেই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি। গোল হজমের এক মিনিটের মধ্যেই দূরপাল্লার দুর্দান্ত শটে শ্রীলঙ্কাকে সমতায় ফেরান কেলার্ট। বিরতির ঠিক আগে ৪৩ মিনিটে ওয়াসিম রাজিকের হেডে আবারও এগিয়ে যায় লঙ্কানরা। তাতে প্রথমার্ধ শেষ হয় শ্রীলঙ্কার ২-১ ব্যবধানে এগিয়ে থাকা অবস্থায়।
দ্বিতীয়ার্ধে সমতায় ফেরার জন্য মরিয়া হয়ে ওঠে ভুটান। ৬৮ মিনিটে পেনাল্টি পেয়ে ম্যাচে ফেরার দারুণ সুযোগও তৈরি করে তারা। কিন্তু স্পটকিক থেকে গোল করতে ব্যর্থ হন চেনচো গিয়েলশেন। তবে ৭৬ মিনিটে দুর্দান্ত এক গোলে ভুটানকে সমতায় ফেরান এই ফরোয়ার্ড।
এরপর দুই দলই ব্যবধান বাড়ানোর চেষ্টা করলেও আর কোনো গোল হয়নি। শেষ পর্যন্ত ২-২ সমতায় শেষ হয় লড়াই। এই ড্রয়ে বাংলাদেশের সেমিফাইনাল নিশ্চিত হলেও গ্রুপের দ্বিতীয় দল হিসেবে কারা শেষ চারে উঠবে, তা নির্ধারিত হবে শেষ ম্যাচে।